জাতীয় সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’কে যুগোপযোগী বলে উল্লেখ করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একইসঙ্গে আইনটি জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি আধুনিক ও যুগোপযোগী আইন দেশের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইনটি জাতীয় সংসদে পাস করায় আমরা প্রকৌশলী সমাজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।
আইইবির বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে সড়ক পরিবহন আইন নিয়ে দেশের নাগরিকদের যে প্রত্যাশা ছিল, তা সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমেও উঠে এসেছে। সড়ক পরিবহন আইনটি জাতীয় সংসদে পাস হওয়ায় ফলে জনগণের দাবি পূবণ হয়েছে। আমরা বিশ্বাস করি, এই আইনটি দ্রুত বাস্তবায়িত হলে সড়কে নাগরিকদের দুর্ভোগ কমে আসবে।








