ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছেন, তারা কিন্তু কিছু পাওয়ার জন্য করেননি। নয় মাস যুদ্ধ কিছু পাওয়ার আশায় করেননি। মুক্তিযুদ্ধ করেছেন বেশিরভাগই বঞ্চিত লোকেরা। যারা গণমানুষ তারাই মুক্তিযুদ্ধ করেছে, সম্পদশালীরা কিন্তু করে নাই। বাংলাদেশ যখন অগ্রসর হয়েছে, তখন তাদের তো অনেক বয়স। তখন কি তাদের সন্তানদের প্রতি একটা দায়িত্ব রাষ্ট্রের থাকে না? যেখানে ভালোবাসা থাকে, সেখানে চাওয়া-পাওয়ার কিন্তু কোনও বিষয় থাকে না।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটতে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘শাজাহান খান একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং তিনি নিজেও মুক্তিযোদ্ধা। সেই দৃষ্টিকোণ থেকেই সমর্থন দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন। এর আগে এখানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্বেই আন্দোলন চলছিল। শাজাহান খান রাষ্ট্রের একটা অংশ, নীতিনির্ধারণী পর্যায়ে আছেন তিনি। সেখান থেকে কেউ আন্দোলন করে না। তারা যদি কাজ করতে চায়, চেয়ারে বসেই করতে পারে; তাদের মাঠে নামা লাগে না।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোফাজ্জল করিম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর মাসুদ কামাল, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের সভাপতি শেখ আতিক বাবু ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক রশিদ আল রুহানী।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
বৈঠকির আরও খবর: ‘এবার কোটা বহাল!’ শীর্ষক বৈঠকি শুরু








