রা তাদের এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে। রবিবার (৩ মার্চ) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তারা এই দাবি জানান।
বক্তারা বলেন, বর্তমানে বেসরকারি কলেজের অনার্স, মাস্টার্সের শিক্ষকরা নামমাত্র পকেট খরচ পায়। এরপরও দায়িত্ব পালন করে যাচ্ছে। ২০৩টি বেসরকারি কলেজের ৩৫০০ শিক্ষক ২৭ বছর ধরে পাঠদান করছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না।
তারা আরও বলেন, এমপিও ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিও লেটারসহ দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় ও শিক্ষা মন্ত্রণালয়ের অবহেলায় ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ এ আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
এসময় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খেয়ে, না খেয়ে জাতি গঠনে কাজ করে যাচ্ছি। অথচ আমাদের যোগ্য প্রাপ্যটুকু পাচ্ছি না। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে, আমদের এমপিও ভুক্তির বিষয়টি সুবিবেচনায় এনে তা দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দেবেন।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেকবর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুকোমল সেনসহ বাংলাদেশের বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকরা।







