রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচা মার্কেটে আগুন লাগার ৬৬ ঘণ্টা পর ভেতর থেকে নয়টি জীবিত ছাগল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের প্রচণ্ড উত্তাপ থাকা সত্ত্বেও ছাগলগুলো বেঁচে ছিল প্রায় তিন দিন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোশতাক আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ছাগলের মালিক কারা তা জানা যায়নি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচাবাজারের মাংসের দোকানি হয়তো ছাগলগুলো এনে রেখেছিলেন। তাকে খুঁজে বের করে ছাগলগুলো তার হেফাজতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তারা।
প্রসঙ্গত, গত সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ডিসিসির কাঁচা ও পাকা মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। পরে আগুন পাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। ১৬ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। তবে আগুন সম্পূর্ণভাবে নেভে আরও কয়েক ঘণ্টা পর। এরই মধ্যে বুধবার সকাল থেকে কাঁচাবাজারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে।
ডিসিসি কাঁচা ও পাকা মার্কেটে ছয় শতাধিক দোকান ছিল। আগুনে প্রায় আড়াইশ দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং বাকিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
/এনএল/টিআর/








