বড় ছেলের স্নাতক সমাপনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে যুক্তরাজ্যে যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে তাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। এক আবেদনের শুনানি করে হাইকোর্টের বিচারপতি মো. তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম. ফারুক) এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
এর আগে বিদেশ যাওয়ার সময় বাধা দেওয়ার কারণে রিট দায়ের করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা।
রবিবার (৯ জুলাই) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল তাহসিনা রুশদির। রবিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।
ইলিয়াস আলী ও লুনা দম্পতির তিন সন্তানের মধ্যে বড় ছেলে আবরার ইলিয়াস যুক্তরাজ্যের বিস্টলে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডে এলএলবিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ইলিয়াস আলী নিখোঁজের সময় ক্লাস থ্রিতে পড়ুয়া একমাত্র মেয়েটি এখন অষ্টম শ্রেণির ছাত্রী।
/এমটি/ইউআই/ এপিএইচ/








