‘রিভিউ’ নাকি ‘সুয়োমোটো এক্সপাঞ্জ’

উদিসা ইসলাম
১৪ আগস্ট ২০১৭, ২২:২৭আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ২২:৩০

সুপ্রিম কোর্ট

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের যে কোনও অংশ ‘এক্সপাঞ্জ’ করতে হলে রিভিউ নাকি ‘সুয়োমোটো এক্সপাঞ্জ’ হবে তা নিয়ে সরব আলোচনা চলছে সরকারি দল ও আইনজীবীদের মধ্যে। আইনমন্ত্রী আনিসুল হক চাইছেন ‘এক্সপাঞ্জ’ তবে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলছেন, রিভিউ ছাড়া এক্সপাঞ্জ এর আর কোনও পদ্ধতি আদালতের বিদ্যমান পদ্ধতিতে নেই। আর সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের এ বিষয়ে অভিমত, রিভিউ এর বাইরে ‘সুয়োমোটো এক্সপাঞ্জ’-এর সুযোগ রয়েছে।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অংশ প্রকাশ পাওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে পর্যবেক্ষণের কিছু অংশ নিয়ে। আইনমন্ত্রী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য অগ্রহণযোগ্য। তার যে বক্তব্যগুলো অপ্রাসঙ্গিক, তা এক্সপাঞ্জের উদ্যোগ নেবো।’ তিনি আরও বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতি দ্বিমত থাকলেও আমরা শ্রদ্ধাশীল। তবে শ্রদ্ধেয় আপিল বিভাগ যে যুক্তিতে তা বাতিল করেছেন তা যুক্তিযুক্ত নয়।’ 

এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা রিভিউ হবে না বলে বলছেন, এখনও কী করা হবে সেটা প্রক্রিয়াধীন, পর্যালোচনা চলছে। আর রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, ‘‘ষোড়শ সংশাধনী অবৈধের রায় মেনে নিয়েছে সরকার, যদি ‘এক্সপাঞ্জ’ চায় তাহলেও রিভিউ করতে হবে।’’

গত রবিবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির ‘অগ্রহণযোগ্য’ ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপরেই প্রশ্ন আসে, কেবল যেগুলো ‘আপত্তিকর’ মনে করছে সরকার সেগুলোই রিভিউয়ে আনা হবে নাকি ষোড়শ সংশোধনীর অন্য বিষয়গুলোও আসবে? এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘এ নিয়ে আর বেশি কিছু কথা বলতে চাই না। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা ‘এক্সপাঞ্জ’ চাই। সে বিষয়ে পর্যালোচনা চলছে।’’

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, হাইকোর্ট গতবছর তা অবৈধ ঘোষণা করে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই রায়ের পর্যবেক্ষণের বেশ কয়েকটি জায়গা নিয়ে আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে আপত্তি তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, রায়ের পর্যবেক্ষণ নিয়েই মূল আপত্তির জায়গা যদি হয় সেক্ষেত্রে রিভিউ চাইতে হবে।

রিভিউ ছাড়া আর কোনও পদ্ধতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সম্ভব। সুয়োমোটো এক্সপাঞ্জ করতে পারেন আদালত।’

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ৬ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরুসহ তিনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলাপ করছেন কিনা জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনও আলাপ হয়নি।’

এদিকে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, রিভিউ এর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কিছু ‘অনভিপ্রেত’ বিষয়ে ‘এক্সপাঞ্জ’ চাওয়া হবে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তবে রিভিউ ছাড়া এক্সপাঞ্জ এর অন্য কোনও পদ্ধতি নেই উল্লেখ করে  আইনজীবী মনজিল মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যদি রায়ের বিষয়ে কোনও ‘বক্তব্য থাকে’, কোন ‘ভুল ইনফরমেশন (তথ্য)’ থাকে তাহলে সেটা শোধরানোর জন্য রুলস বলছে রিভিউ দায়ের করার সুযোগ আছে। আদালত সিস্টেমে রিভিউ ছাড়া অন্য কোনও পদ্ধতি নেই। তারা রিভিউ করে বলতে পারে এই এই চাই, শুনানি হবে, যুক্তি তুলে ধরবেন। কোর্ট সেটা অ্যাকসেপ্ট করলে ব্যবস্থা নিবেন, অ্যাকসেপ্ট না করলে আবার একটা রায় দিবেন এই বলে যে, উনারা এই যুক্তি বলেছিল সেটি এই কারণে গ্রহণযোগ্য না। সেখানে আমাদেরও সুযোগ থাকবে কথা বলার।’’

দৃশ্যমান পরিস্থিতি বলছে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা মেনে নিয়ে এক্সপাঞ্জের কথাতেই এখন জোর দেওয়া হচ্ছে। বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের ক্ষমতাকে অবৈধ ঘোষণার রায় কিন্তু মেনে নিয়েছে সরকার। সরকার বলতে যারা বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। যারা বক্তৃতা দিচ্ছেন তারা হয়তো রাজনীতি করার জন্য এক ধরনের বক্তৃতা দিচ্ছেন।সেই আদালতের বিষয়ে আদালতেই যখন বলার সুযোগ আছে তখন এটি নিয়ে রাজনীতি না করলেই বিচারবিভাগের জন্য মঙ্গল। আর যদি রাজনীতি করা হয়, যারা করবেন তাদেরকেই হয়তো একসময় এর ফল ভোগ করতে হবে।’

/ইউআই/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি