দুদকে তলবের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি মামলা সংক্রান্ত হাইকোর্টের আদেশ হাতে পাওয়ার পর খসরুকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছেন আদালত।
সোমবার (১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খসরুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। পরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাইকোর্টের আদেশের কপি হাতে পেলে খসরুকে লিভ টু আপিল করতে বলেছেন আপিল বিভাগ। ফলে এ সময়ের মধ্যে দুদকের তলবের আদেশ বহাল থাকছে।’
এর আগে গত ১৬ আগস্ট দুদক আমীর খসরুকে ২৮ আগস্ট হাজির হতে নোটিশ দেন।
নোটিশে বলা হয়, বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনসহ মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যসহ নিজ নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
পরে আমীর খসরু এক মাসের সময় চেয়ে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে দুদক বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে আগামী ১০ সেপ্টেম্বর হাজির হতে বলেন। গত ৩ সেপ্টেম্বর দুদকের এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আমীর খসরু।
৫ সেপ্টেম্বর রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। পরে হাইকোর্টের নতুন বেঞ্চে মামলাটির ওপর শুনানি শেষে গত ১৬ সেপ্টেম্বর আবেদনটি খারিজ করে দেন। যার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন জানায় আমীর খসরু। কিন্তু সে আবেদনের ওপর আপিল বিভাগে সোমবার (১ অক্টোবর) শুনানির জন্য দিন নির্ধারণ রাখা হয়।








