রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনের সড়কে একটি অ্যাম্বুলেন্সের চাপায় শিল্পী আক্তার (৩০) নামের একজন গৃহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই গৃহকর্মী তার বাসা থেকে কাজে যাচ্ছিলেন, রাস্তা পারাপারের সময় অ্যাম্বুলেন্সটি তাকে চাপা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিল্পী ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেক্কাবর আলীর স্ত্রী। বর্তমানে পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ি এলাকায় থাকতেন তিনি।
নিহত শিল্পীর ভাতিজা রাসেল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার সকালে কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।








