সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট বুধবার (২৯ মে) আদালতে দাখিল করা হবে। এ মামলার চার্জশিটে ১৬ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) পিবিআই’র সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
তিনি জানান, মামলায় মোট সাক্ষী করা হয়েছে ৯২ জনকে। এর মধ্যে সাত জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে।। ৬ এপ্রিল নুসরাত পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাকে কৌশলে ওই মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে র হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত জাহান রাফি।






