একই অপরাধে রেহাই পাচ্ছেন এসপি?

উদিসা ইসলাম
২৮ মে ২০১৯, ১৩:১৮আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৪০

ফেনীর সাবেক এসপি জাহাঙ্গীর আলম সরকার

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে থানায় জেরা করেন সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। একইসঙ্গে তিনি সেই দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করার পর ছড়িয়ে দেন। এ অভিযোগে ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সোমবার (২৭ মে) সেই মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। প্রশ্ন উঠেছে, ওসির অপরাধকে প্রশ্রয় দেওয়া ফেনীর তৎকালীন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার কি তবে রেহাই পেয়ে যাবেন?

নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনা নিয়ে ফেনীর এসপি জাহাঙ্গীর আলম গত ১১ এপ্রিল পুলিশের সদর দফতরকে একটি প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে তিনি দাবি করেন, ‘নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় মামলা করতে পরিবার কালক্ষেপণ করেছে।’ পরবর্তী সময়ে ঘটনা তদন্তে পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি ফেনীর পুলিশ সুপার ও সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পায় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এরপর জাহাঙ্গীর আলম সরকারকে ফেনীর পুলিশ সুপারের দায়িত্ব থেকে প্রত্যাহার করে ঢাকায় পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার কোনও অপরাধের শাস্তি না উল্লেখ করে মানবাধিকারকর্মী, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নুর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই জায়গায় আইনের বড় ধরনের ব্যত্যয় লক্ষ করা যায়। ক্যাডার সার্ভিসভুক্ত হলে যেকোনও ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। যেহেতু এই এসপিকে প্রত্যাহার করা হয়েছে এবং প্রত্যাহারের ক্ষেত্রে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আইনবহির্ভূত কার্যক্রমের সত্যতা মিলেছে ধরে নেওয়া যায়।’

তিনি বলেন, ‘একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও অন্যজনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। একই ধরনের অপরাধ করে দুই রকমের পদক্ষেপ কেন হবে। সেই এসপির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে, না হয়নি সেটি স্পষ্ট করে বলতে হবে। যদি না হয়ে থাকে তাহলে বিনা কারণে কাউকে হয়রানি করা হোক, সেটি আমরা চাই না। তেমনই কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে নিয়ে যাক, সেটিও কাম্য নয়। এতে আইনের প্রতি সাধারণ মানুষের সম্মান কমে আসবে।’ নুর খান আরও বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের বাইরে রাখার সুযোগ নেই। সেই সুযোগ করে দিলে এ ধরনের অপরাধ সংঘটন থেকে নিবৃত্ত করা যাবে না, এটি ক্রমান্বয়ে বাড়বে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে রাজনৈতিক নেতৃত্বের সংশ্লিষ্টতার কথা এসেছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দলগুলো কী ব্যবস্থা নিলো, সেটিও মনিটরিং করা দরকার।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসপির বিষয়টি সদর দফতর বলতে পারবে। আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলাম, সেটির বিষয়ে কাজ করছি।’

গাফিলতির অভিযোগ ওঠায় সোনাগাজীর তৎকালীন এসপির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বাংলা ট্রিবিউনকে জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আইন শাখা জানাতে পারবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. সাহেদ আলীর (আইন অধি-শাখার দায়িত্বপ্রাপ্ত) কাছে জানতে চাওয়া হয়, পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা ‘ জবাবে তিনি বলেন, ‘এমন কোনও ফাইল আমার কাছে এসে পৌঁছায়নি।’

ফেনীর সাবেক এসপি জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনারা পুলিশ সদর দফতরে যোগাযোগ করুন, যা বলার তারাই বলবে। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করবো না।’

প্রসঙ্গত, ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ ধারায় গত ১৫ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর বিচারক মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পিআইবি প্রায় দেড় মাস পর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। গত ১৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার জানান, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্তে নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড করে ছড়িয়ে দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে।

উল্লেখ্য, এ বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে নুসরাতের হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত জাহান রাফি।

আরও পড়ুন:

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ওসি মোয়াজ্জেম এখন কোথায়?

ফেনীর এসপি জাহাঙ্গীরকে প্রত্যাহার

অবশেষে ফেনী ছাড়লেন এসপি জাহাঙ্গীর

 

 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের পেনাল্টিতে শেষ ষোলোতে বেলজিয়াম
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৬)
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
শেষের ঝড়ে সমতা ফেরালো বেলজিয়াম, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা