বছরজুড়ে শিশু হত্যা: আইনি প্রতিকার কে পায়?

উদিসা ইসলাম
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮

শিশু ধর্ষণ ও হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের ছয়ানি বাজারে শিশু এমরান হোসেনকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার একমাস পেরিয়ে গেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেলেও এখনও দুই আসামি ধরা পড়েনি। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

২৯ জুন দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লিতে আশিকুল ইসলাম (৪) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান দুই আসামি এখনও পলাতক।

বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজধানীর ডেমরায় চার বছর বয়সী দুটি শিশুকে হত্যার আগে একজনকে ধর্ষণ ও অন্যজনকে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়। এ মামলার চার্জশিট হয়েছে।

২০১৮ সালের ৯ নভেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামে নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে অর্ধ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশু ফারজানাকে। এ মামলায়ও মূল আসামিদের একজন দেশের বাইরে পলাতক। ঘটনার ১০ মাস পর ১৫ সেপ্টেম্বর চার্জশিট দিয়েছে পুলিশ। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ডিএনএ প্রতিবেদন দেরিতে আসায় চার্জশিট দিতে দেরি হয়েছে।’

দেশে গত ৮ মাসে ৬৯৭টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যা করা হয়েছে ২৮৫টি শিশুকে। ছয়টি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ‘রুট টু রাইটস: চিলড্রেন আর স্পিকিং আপ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। কয়েক মাসের মধ্যে চাঞ্চল্যকর কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট না হওয়া, মূল আসামিরা ধরা না পরার বিষয়ে মানবাধিকারকর্মী ও বিশ্লেষকরা বলছেন— নারী ও শিশুদের ক্ষেত্রে অবহেলার মাত্রা বেশি। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, চাঞ্চল্যকর ঘটনা এবং প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করা না গেলে সাধারণত দ্রুত পদক্ষেপ নিতে দেখা যায় না।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি বাজারে শিশু এমরান হোসেনকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত সব আসামি গ্রেফতার না হওয়ার কোনও যৌক্তিক কারণ দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এলাকায় না থাকার কারণে আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি বলে বাংলা ট্রিবিউনকে জানান বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা নূরে আলম। তবে তারা শিগগিরই গ্রেফতার করতে সক্ষম হবেন বলেও জানান তিনি।

বিরামপুরের সেই চার বছরের শিশু হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ দুই আসামিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই ‍দুজনকে লোকেট করতে পারিনি। এজাহারের তিন জন ও এর বাইরে আরও  চার জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিরা গ্রেফতার হবে।’ 

শিশু হত্যার কারণ উল্লেখ করতে গিয়ে ‘রুট টু রাইটস: চিলড্রেন আর স্পিকিং আপ’ শীর্ষক প্রতিবেদনটির উপস্থাপনকারী গবেষক ও শিক্ষক আফসান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকৃতপক্ষে  আমরা ভীষণ রকম সহিংসপ্রবণ সমাজ। বাঙালি নরম মনের না। এই সমাজ যেকোনও ঘটনাতেই শিশুদের পেটায়। আর বাকিরা সেই পেটানোকে সমর্থন করে। কেন আমরা এতটা সহিংস সেটি এখন বের করা দরকার।’

মানবাধিকারকর্মী নূর খান মনে করেন, নারী ও শিশুদের ক্ষেত্রে এই অবহেলার মাত্রা বেশি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগের চার্জশিট, অভিযোগ গঠন, কিংবা বিচারপ্রক্রিয়া— সবগুলো পর্যায়েই ধীর গতি লক্ষণীয়। কখনও কখনও সাক্ষীদের উপস্থিত করাতে ব্যর্থ হয়, আবার ঘটনার সত্যতা প্রমাণ করা যায়নি বলে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। এসবই এখন কালচারে রূপান্তরিত হয়েছে।’ তিনি বলেন, ‘অপরাধ সংঘটিত হবে, অপরাধীকে পাওয়া যাবে না, অপরাধীকে  চিহ্নিত করা যাবে না, চার্জশিট দেওয়া হবে না, দিলেও বিলম্ব করে দেওয়া হবে— এসবই এখন ঘটতে দেখা যাচ্ছে।’ প্রচলিত কথায় গরম চার্জশিট আর নরম চার্জশিট বলে দুটি শব্দ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও ধরনের চাপ বোধ না করলে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বল চার্জশিট দিয়ে অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ আছে।’

জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, চাঞ্চল্যকর মামলা এবং প্রশাসনের ওপরে চাপ থাকলেই কেবল দ্রুত পদক্ষেপ নিতে দেখা যায়।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’