র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার, বিদেশি মদ ও পিস্তল উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৯, ২৩:২৪আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০৮:১৪

র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার, বিদেশি মদ ও পিস্তল উদ্ধার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৯ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে জমি দখল, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্বের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করা হয়েছে বলে জানান।

সারোয়ার বিন কাশেম জানান, সি ব্লকের আফতাব উদ্দিন রোডের ৯ তলা ভবনটির সপ্তম তলা থেকে রাজীবকে আটক করা হয়। এটি তার বন্ধু মিশু হাসানের ভাড়া নেওয়া বাসা। ওই বাসার ভেতরে রাজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ বাসাটিতে তল্লাশি চালানো হয়। ওই বাসা থেকে বিদেশি মদের সাতটি বোতল, নগদ ৩৩ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এরআগে, রাত সাড়ে ১০টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ‘চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটির সপ্তম তলায় অভিযান চালানো হয়।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকে গডফাদারসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকের বাসা ও কার্যালয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ক্যাসিনোয় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১ জনকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের অভিযান সূত্র জানায়, ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যেই সিটি করপোরেশন এলাকার কাউন্সিলরদের বিরুদ্ধে অবৈধভাবে দখল, চাঁদাবাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। কাউন্সিলরদের কেউ কেউ সরাসরি ক্যাসিনো কারবারের সঙ্গেও জড়িত ছিলেন। অভিযানের পরপরই অনেকেই পালিয়ে দেশ ছেড়ে গেছেন। মোহাম্মদপুরের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবও গত দুই সপ্তাহ ধরে আত্মগোপনে ছিলেন। র‌্যাব সদর দফতর ও র‌্যাব-২ এর একটি যৌথ দল তাকে নজরদারি করে। 

স্থানীয় সূত্র জানায়, টং দোকানদার থেকে কোটি কোটি টাকার মালিক হওয়া মোহাম্মদপুরের বেড়িবাঁধ, চন্দ্রিমা হাউজিং, সাত মসজিদ হাউজিং, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে রাজীবের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রবাসীদের বাসাসহ এলাকার অনেকের জমি দখলের অভিযোগও রয়েছে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় তার একাধিক বাড়ি, জমি ও একাধিক বিলাসবহুল গাড়ির মালিক তিনি। সাবেক একজন প্রতিমন্ত্রীর হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হওয়া রাজীব ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে জয়লাভ করেন। এরপর থেকেই মূলত ভাগ্য আরও খুলে যায় তার।

র‌্যাব সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে নিয়ে তার বাসা ও কার্যালয়ে অভিযান চালানো হবে। তার বিরুদ্ধে মানিলন্ডারিং মামলাসহ অন্যান্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও খবর...
কাউন্সিলর রাজীবকে ধরতে বসুন্ধরা আবাসিক এলাকায় র‌্যাব
ক্যাসিনো মাদক ফুটপাত ও পরিবহন চাঁদাবাজিতে ১১ কাউন্সিলর

 

/এসজেএ/আরজে /এনএল/এনআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
দুর্নীতির মামলায় প্রথম দিনে সাক্ষ্য হয়নি ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার