বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে সংস্কৃতির বিনিময়, উন্নয়ন এবং প্রসার পর্যটনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। সংস্কৃতির বিনিময় রাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে আন্ত-ব্যক্তিক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রবিবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকায় জাতীয় জাদুঘরে মালয়েশিয়ান হাইকমিশন ও ভ্রমণ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে আয়োজিত মালয়েশিয়ান বিখ্যাত চিত্রকর আব্দুল গফুর হাজি তাহিরের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে শক্তিশালী ও নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপরে সবসময়ই গুরুত্ব দিয়ে আসছেন। জোরদার সাংস্কৃতিক সম্পর্ক পারস্পরিক মৈত্রীকে আরও ঘনিষ্ঠ ও উন্নত করে একটি শ্রদ্ধাপূর্ণ অবস্থানে পৌঁছে দেয়; যা উভয় দেশের মধ্যকার অংশীদারিত্বকেও বহুগুণে এবং বহুমাত্রায় বৃদ্ধি করে। সংস্কৃতির এই বিনিময় পরস্পরকে সমৃদ্ধ করার পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার পর্যটন, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।’
মাহবুব আলী বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত মালয়েশিয়ান চিত্রকর আব্দুল গফুর হাজি তাহিরের একক চিত্র প্রদর্শনীর সফলতা কামনা করে বলেন, ‘হাজি তাহির শুধুমাত্র মালয়েশিয়ার একজন বিখ্যাত চিত্রকরই নযন, একই সঙ্গে তিনি সমসাময়িক ইসলামিক ক্যালিগ্রাফি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র।’
চিত্র প্রদর্শনীটি ২৪ -২৮ নভেম্বর ২০১৯ পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
টিভি ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ফরিদ আবু হাসান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, ঢাকায় রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মেক্সিম ডোবরোখোটব, মালয়েশিয়ান চিত্রকর আব্দুল গফুর হাজি তাহির ও ভ্রমণ ম্যাগাজিন সম্পাদক আবু সুফিয়ান।








