রাজধানীর বাড্ডায় আফতাবনগরের একটি বাসায় এসি থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে একজন তরুণের মৃত্যু হয়েছে। বাসার দশম তলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্বজন ও পুলিশের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, নিহত স্বপ্নীল আহমেদ পিয়াস বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পরীক্ষা দিয়েছেন। পুলিশসহ স্বজনরা আহত অবস্থায় সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। তার সারা শরীর পোড়া ছিল। সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।








