২১ আগস্টের গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি মনে করে, দেশের নির্বাহী প্রধানের এই বক্তব্য এ মামলার রায়ে প্রভাব ফেলবে।
বুধবার ঈদুল আজহা উপলক্ষে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য এই মামলার রায়ে প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রীর বক্তব্য মূলত মামলার রায়কে প্রভাবিত করারই শামিল।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর বিচারকেরা সঠিক রায় দিতে পারবেন না। এভাবে তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেওয়ার চেষ্টা চলছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে।’
বিএনপির নেতাকর্মীরা চেয়ারপারসনের মুক্তির জন্য প্রার্থনা করেছেন বলেও তিনি জানিয়েছেন।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বেলা ১২টায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে নেতারা পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফটকের দিকে গেলে পুলিশ সড়কে তাদের ব্যারিকেড দেয়। পুলিশ কর্মকর্তার কাছে মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি দেখান। কিন্তু পুলিশ কর্মকর্তারা জানান, তাদের কাছে কারও সাক্ষাতের বিষয় জানা নেই।








