সারাদেশে বুধবার (২২ আগস্ট) পালিত হয়েছে কোরবানির ঈদ। আসন্ন সংসদ নির্বাচনের আগে এটিই শেষ ঈদ। ফলে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী রাজনীতিকরা যার যার অবস্থান থেকে ঘটা করে পালন করছেন এবারের ঈদ। শুভেচ্ছা বিনিময় করছেন নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে। ভোটারদের খুশি করতে প্রত্যকে নির্বাচনি এলাকার একাধিক স্থানে দিয়েছেন পশু কোরবানি। মাংস বিতরণ করেছেন দরিদ্র ও অস্বচ্ছল ভোটারদের মাঝে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দলের এমপিসহ নেতাকর্মীদের কোরবানির ঈদ যার যার এলাকায় পালনের নির্দেশ দিয়েছেন। বুধবার গণভবনে শুভেচ্ছা বিনিময়কালেও তিনি এই নির্দেশনার পুনরাবৃত্তি করেন। ভোটারদের মন জয় করতে এবারের ঈদ কাজে লাগাতে মৌখিক নির্দেশ দেন তিনি। তাই অধিকাংশ নেতাই ঈদুল আজহা উদযাপনে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। জানা গেছে, এই ঈদকে এলাকায় জনগণের দুয়ারে গিয়ে তাদের সঙ্গে দূরত্ব ঘোচানোর একটি সুযোগ হিসেবে দেখছেন ক্ষমতাসীন দলের নেতারা। নেতাদের প্রতি এলাকার জনগণের রাগ-অনুরাগ থাকলেও ঈদে তা দূর করা সম্ভব বলে ধারণা তাদের।
প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে দলের নেতারা ঈদের দুই থেকে তিনদিন আগেই যার যার নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান করেন। ঈদের আগেই তারা বিভিন্ন এলাকায় জনসংযোগসহ ভোটারদের সঙ্গে মতবিনিয় করেন। ঈদের নামাজ পড়ার পর শুভেচ্ছা বিনিময় করেছেন মুসল্লিদের সঙ্গেও। নেতারা অন্তত আরও দুই থেকে তিনদিন এলাকায় অবস্থান করে জনসংযোগ করবেন বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন দলের অনেক কেন্দ্রীয় নেতা, বর্তমান সংসদ সদস্য ও মনোনয়নপ্রত্যাশীরা ইতোমধ্যে এলাকায় অবস্থান করছেন। যারা ঢাকায় ঈদ করেছেন তারাও ঈদের পরে নিজ এলাকায় যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করেছেন। ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ উদযাপন করেন। কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কোরবানির ঈদ উপলক্ষে বর্তমানে এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ পারিবারিক প্রয়োজনে ঈদের দিন ঢাকায় থাকলেও ঈদের পরপরই এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন। দিনভর দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন নেতারা। প্রতিনিধিদের পাঠানো খবর
রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নগরীর পল্লী নিবাস বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরশাদ এবার ৯টি গরু কোরবানি দিয়েছেন। এর মধ্যে পাঁচটি গরু তার বাসায় এবং দুইটি নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে এবং দুইটি নগরীর এরশাদ নগরে দিয়েছেন। পরে দলের নেতারা এ মাংস দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন।
রংপুর ২ আসনের বর্তমান এমপি ডিউক চৌধুরী সকালে বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি দুটি গরু কোরবানি দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। এদিকে রংপুর-২ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সাবলু চৌধুরী উপজেলা সদর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন। পরে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
রংপুর-১ আসন গঙ্গাচড়ায় ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জাপা জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গাঁ। রংপুর-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী উপজেলা চেয়ারম্যান বাবলু ঈদের নামাজের পর তার বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রংপুর-৪ আসনের এমপি আওয়ামী লীগের টিপু মুন্সি তার নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করেন। তিনি বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী সেলিম বেঙ্গল ও সিরাজুল ভরসা পৃথকভাবে হারাগাছে ঈদের নামাজ আদায় শেষে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রংপুর-৫ আসন মিঠাপুকুরে বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতা এইচ এন আশিকুর রহমান উপজেলা সদরে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তার বাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয় পার্টির সম্ভব্য প্রার্থী ফখরুজ্জামান জাহাঙ্গীর বলদীপুকুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন শঠিবাড়ি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রংপুর ৬ আসনে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন। পরে বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ফরিদপুর: ফরিদপুর-২ (নগরকান্দা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জামাল হোসেন নিজ গ্রাম কদমতলীতে দশটি গরু কোরবানি দিয়েছেন। এছাড়া ফরিদপুর-১ আসনের এমপি ও এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার বদরপুরের বাড়িতে নয়টি গরু কোরবানি দিয়েছেন। গত বারের তুলনায় এবার একটি গরু বেশি কোরবানি দিয়েছেন বলে জানা গেছে। ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাফরুল্লাহ চৌধুরী গতবারের মতো এবারও তিনটি গরু কোরবানি দিয়েছেন। একই আসনের বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী পাঁচটি গরু কোরবানি দিয়েছেন বলে জানা গেছে। ফরিদপুর-১ আসনের বিএনপি সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর নিজ গ্রাম বোয়ালমারীর হাসামদিযায় একটি গরু কোরবানি দিয়েছেন।
পঞ্চগড়: পঞ্চগড় জেলার দুটি আসনের সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই নির্বাচনি এলাকায় অবস্থান করছেন। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনের এমপি জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের বসুনিয়াপাড়ায় নিজ বাড়িতে ঈদের জামাতে অংশ নেন। নামাজ শেষে তিনি নিজ বাড়িতে একটি গরু কোরবানি দেন। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত চারটি পশু কোরবানি দেন। এছাড়া সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের বুড়িপাড়ায় নিজ বাড়িতে একটি গরু, সাবেক মহিলা এমপি ফরিদা আখতার হীরার মেয়ে জামাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা বোদা পৌরসভার সাতখামারে নিজ বাসভবনে দুইটি গরু, সাবেক স্পিকার ও আইনমন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের জামাতা, জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মির্জাপুরের বাড়িতে একটি গরু কোরবানি দিয়েছেন। এছাড়া শরিক দল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক পঞ্চগড় শহরের রৌশনাবাগে নিজ বাড়িতে একটি গরু কোরবানি দেন।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ও তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ঢাকায় ঈদ করেছেন। তবে পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. তৌহিদুল ইসলাম দুইটি গরু কোরবানি দিয়েছেন যার মধ্যে একটির মাংস স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
বোদা ও দেবীগঞ্জ উপজেলা নিয়ে পঞ্চগড়-২ আসনের বর্তমান এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ময়দানদিঘী নিজ বাড়িতে ঈদের জামাতে অংশ নেন। পরে বোদা উপজেলার ময়নদানদিঘী ইউনিয়নের মাহাজনপাড়ায় তার গ্রামের বাড়িতে দুইটি গরু কোরবানি দেন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শাহজাহান মন্ডল দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের নতুনবন্দরে নিজ বাড়িতে একটি গরু ও দুইটি ছাগল কোরবানি দিয়েছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ বোদা উপজলার পাঁচপীর ইউনিয়নের নিজ বাড়ি মেনাগ্রামে দুইটি গরু এবং বিএনপির অপর প্রার্থী মো. হামিদুর রহমান দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল গ্রামে একটি গরু কোরবানি দিয়েছেন।
মেহেরপুর: মেহেরপুর-২ গাংনী আসনের স্বতন্ত্র এমপি মকবুল হোসেন একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুলসহ মেহেরপুর-১ এবং মেহেরপুর-২ আসনের সাবেক এমপি ও অপর মনোনয়নপ্রত্যাশীরা একটি করে পশু কোরবানি দিয়েছেন।
মাগুরা: মাগুরা-১ আসনের আওয়ামী লীগ এমপি এটিএম আব্দুল ওয়াহাব তার গ্রামের বাড়ি শ্রীপুরে দুটি গরু কোরবানি দিয়েছেন। এ আসনে আরেক মনোনয়নপ্রত্যাশী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর হজ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। তবে তার বাড়িতে পরিবারের পক্ষ থেকে একটি গরু কোরবানি দেওয়া হয়েছে। মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইকবাল আকতার খান কাফুর গ্রামের বাড়ি শ্রীপুরের রায়নগরে পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করেছেন। তিনি তিনটি গরু কোরবানি দিয়েছেন। এ আসনের অপর মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা আহসান হাবিব কিশোর মাগুরায় অবস্থান না করলেও তার পরিবার একটি গরু কোরবানি দিয়েছেন বলে জানা গেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবির মুরাদ নিজ বাড়ি পারনান্দুয়ালিতে একটি গরু কোরবানি দেন।
সবমিলিয়ে বলা যায়, মাগুরা-২ আসনে ঈদ উপলক্ষে বড় দুটি দলের নেতাদের কোনও তৎপরতা নেই বললেই চলে। নেতাদের কেউই বাড়িতে আসেননি। এ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ঈদে বাড়ি আসেননি বলে জানা গেছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীও এলাকায় আসেননি। তিনি বুধবার রাতে ঢাকা থেকে মাগুরার উদ্দেশে রওনা হতে পারেন বলে জানা গেছে।
দিনাজপুর: নির্বাচনি বছর হলেও এবারের ঈদে বেশি পশু কোরবানি দেননি দিনাজপুরের সংসদ সদস্যরা। জেলায় ৬টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ঈদে এলাকার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী গ্রামের বাড়ি বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জানা গেছে, তার বাবা রৌফ চৌধুরীর দাদা খালাস উদ্দিন চৌধুরী প্রায় ৫০ একর সম্পত্তি ওয়াকফ করে গেছেন। সেই জমি থেকে যে আয় হয় তার অর্থ এলাকার বিভিন্ন মসজিদ, এতিমখানাসহ গরিবদের কোরবানির জন্য দেওয়া হয়। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম গ্রামের বাড়ির সদর উপজেলার জালালপুর গ্রামে দুইটি গরু কোরবানি দেন। তবে এতিমখানা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গরিবদের সহযোগিতা করেছেন। দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঈদ করেন ঢাকায়। জেলার খানসামা উপজেলার ডাক্তারপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি ঈদ করেনও না, কোরবানিও দেন না। দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার গ্রামের বাড়ি ফুলবাড়ী উপজেলার জামগ্রাম এলাকায় একটি গরু ও একটি খাসি কোরবানি দিয়েছেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে দুইটি গরু ও দুইটি খাসি কোরবানি দিয়েছেন।
টেকনাফ: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি চারটি গবাদি পশু কোরবানি দিয়েছেন। এর আগের বছর দুটি পশু কোরবানি দিয়েছিলেন তিনি। এবারে কোরবানি দেওয়া এক একটি পশুর দাম লাখ টাকার ওপরে। ঈদের নামাজের পর টেকনাফের জালিয়াপাড়ার কটেজ প্রাঙ্গণে এসব পশু জবাই করা হয়।
খুলনা: সকালে সার্কিট হাউসে ঈদের জামাত শেষে টুটপাড়া কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এরপর বাসায় ফিরে পশু কোরবানি দেন। তিনি নিজ বাড়িতেই দিনভর দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি অসুস্থ ও দরিদ্র নেতাকর্মীদের খোঁজ খবর নেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নিজ গ্রাম রামপালে ঈদের জামাতে অংশ নেন। সেখানে কোরবানি করার পর দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি খুলনার বাড়িতেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা-৩ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দৌলতপুরের বাড়িতে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেন। সকালে নিজ বাসভবনে পশু কোরবানি শেষে এতিম ও দুস্থদের মাঝে মাংস বিতরণ করেন। এছাড়া দিনভর বাসায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সকালে সার্কিট হাউস ময়দানে ঈদের জামাতে অংশ নেন। এরপর নিজ বাড়িতে কোরবানি করেন। তিনি সারাদিন নিজ বাড়িতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ সার্কিট হাউসে ঈদের জামাতে অংশ নেন। এরপর তিনি বাসায় ফিরে পশু কোরবানি দেন এবং দিনভর নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সকালে সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজ পড়ে নিজ বাড়িতে পশু কোরবানি দেন । দিনভর তিনি দলীয় নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে সময় কাটান। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন ঈদের নামাজ শেষে বানরগাতিতে নিজ বাড়িতে পশু কোরবানি দেন। পরে তিনি নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।








