গোয়েন্দা বাহিনী কাউকে গুম করলে তার খবর প্রধানমন্ত্রীও পান না: জাফরুল্লাহ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ১৪:৩৮আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:২৬




 সরকারের গোয়েন্দা বাহিনী কাউকে গুম করলে তার সংবাদ প্রধানমন্ত্রী পান কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আপনার গোয়েন্দা বাহিনী, ভারতীয় র এবং ইসরায়েলি মোসাদ এরা যখন সম্মিলিতভাবে কাউকে গুম করে, তার সংবাদ আপনিও (প্রধানমন্ত্রী) মনে হয় পান না।’ শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া পরিবারদের সংগঠন মায়ের ডাক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ‘আল্লাহ যদি কাউকে গুম করেন, তার জানাজা পড়ার সুযোগ হয়। কিন্তু, আপনার গোয়েন্দা বাহিনী, ভারতীয় র এবং ইসরায়েলের মোসাদ যখন সম্মিলিতভাবে কাউকে গুম করে তার সংবাদ আপনিও পুরোপুরি জানেন কিনা তা আমার জানা নেই। আপনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছেন। সবচেয়ে ভালো উপহার হবে জাতির প্রতি, যারা গুম হয়েছে তাদের সবাইকে জীবিত অথবা মৃত ফেরত দেওয়া। তাহলে স্বজনরা আপনার জন্য দোয়া করবেন।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেন, ‘এখানে এতগুলো মানুষ দাবি করছে গুম হয়েছে। এই দাবির কথা চিন্তা করে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে দেখান। যারা এখানে ছবি হাতে বসে আছে, তারা কি মিথ্যা কথা বলছেন? তদন্ত করেন একটা। তদন্ত করে সত্য প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা এমন একটা রাষ্ট্র চেয়েছি, যে রাষ্ট্র আমাদের জীবনের নিরাপত্তা দেবে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পরে, বেঁচে থাকার যে অধিকার রয়েছে সেটাও কেড়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্র যখন সন্ত্রাসী হয়ে যায়, তখন মানুষের জন্য এ রাষ্ট্রের কোনও প্রয়োজন থাকে না।’

তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, জাতিসংঘের গুমের বিষয়ে যে সনদ আছে, সেই সনদে বাংলাদেশ সরকারকে দ্রুত স্বাক্ষর করতে হবে, জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক গুমবিরোধী টিমকে বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য আমন্ত্রণ জানাতে হবে। পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ যেসব সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘সব সময় সরকারের পক্ষ থেকে একটি কথা বলা হয়, গুম তো আমরা করিনি। তারা পারিবারিক বিরোধের কারণে আত্মগোপন করেছে। বন্ধুর সঙ্গে ঝগড়া করে আত্মগোপন করেছে। এ ধরনের নির্মম রসিকতা দিনের পর দিন আমাদের সঙ্গে করা হয়।’

তিনি সরকারের প্রতি তিনটি প্রশ্ন রেখে বলেন, যদি আপনারা গুম না করে থাকেন, তাহলে গুম হওয়ার সময় অনেক ঘটনায় আপনাদের গাড়ি এবং আপনাদের বাহিনীর লোককে দেখা যায় কেন? যদি আপনারা গুম না করে থাকেন, তাহলে গুমের পরিবার যখন মামলা করতে যায় তখন মামলা নেন না কেন? আপনারা যদি গুম না করে থাকেন, তাহলে দশ বছর ক্ষমতায় আছেন, কারা গুম করছে সেটা কেন বের করতে পারছেন না?

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আকমল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুম হওয়া পরিবারের সদস্যরা।

/এইচএন/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
ফ্রান্স-স্পেনে দাবানলের তাণ্ডব
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
‘একবারে চোখ চোখ তুইলা ফালামু’—এমপিকে বিএনপির কর্মীর হুমকি
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
নতুন মেরুকরণের পথে কওমি ঘরানার ৭ ইসলামপন্থি দল, লাভবান হবে কারা?
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
মধ্যপ্রাচ্যে শান্তি ও ইরানের প্রতি পূর্ণ সমর্থন চীনের
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী