অল্প সময়ের মধ্যে বিএনপিকে গুছিয়ে এনেছেন তারেক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ০০:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৫৪

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে গোছানোর কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান দলের মধ্যে নতুন প্রাণ সৃষ্টি করেছেন। এই দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে দলকে পরিচালিত করছেন।

সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা দানবের হাতে দেশ পড়েছে। তারা সব কিছু তছনছ করে দিচ্ছে। অর্থনীতি বলতে কিচ্ছু নেই। তারা দাবি করে, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ। অথচ এদিকে দেখা যাচ্ছে, ঋণ আর ঋণ। চতুর্দিক থেকে নেওয়া ঋণে সরকার একেবারে পূর্ণ হয়ে গেছে।

আওয়ামী লীগ সরকার গোলাম ও দাসের মতো আজকে দেশকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া কারাগারে। তিনি বাইরে থাকলে আজকে যারা গোলাম ও দাসের মতো দেশকে ধ্বংস করে দিচ্ছে তা তারা পারতো না। আজ জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে দানবীয় শাসন বিস্তার করেছে। তারা জানে খালেদা জিয়া বাইরে থাকলে তাদের অস্তিত্ব টিকবে না।

মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ দলীয় লোকজনদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। এভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে।

ছাত্র সমাজের অতীতে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, এখন এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ছাত্রদের। নেতৃত্ব দিতে হবে তাদের। কারও জন্য অপেক্ষা করলে চলবে না। কে ডাক দিলো কে ডাক দিলো না সেই অপেক্ষা করলে চলবে না। ’৯০ সালে হাবিব উন নবী খান সোহেলদের কেউ ডাক দেয়নি, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। ’৬৯, ’৫২, ’৫৪ সালেও কেউ ডাক দেয়নি, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। তাদেরকে অনুসরণ করেছে রাজনৈতিক দলগুলো। এটাই ইতিহাস, ইতিহাস পড়ুন সব জানবেন।

২০০২ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আমার সৌভাগ্য হয়েছিল খালেদা জিয়ার সঙ্গে চীনে রাষ্ট্রীয় সফরে যাওয়ার। আমরা যারা সফরে ছিলাম তখন লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসছেন। যখন খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিলেন যে আমার ছেলে তারেক রহমান। চীনা প্রধানমন্ত্রী সেসময়ে যে উক্তিটি করেছিলেন সেটা আমার কাছে অত্যন্ত সিগনিফিকেন্ট মনে হয়। চীনা প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ওয়েল ইয়াং ম্যান। ক্যারি দ্য ফ্লাগ অব ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর মাদার। তোমার পিতা এবং মায়ের যে পতাকা সেই পতাকাকে তুমি নিয়ে যাও সামনে।’

বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, সেই পতাকাটা কিসের পতাকা? সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, যে দর্শন সেই দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পতাকা।

তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘কোথাও তো কোনও কিছু খুঁজে পান নাই। সারা বিশ্বে তন্ন তন্ন করে খুঁজেছেন দুর্নীতির চিহ্ন খুঁজে পান নাই। তাই জোর করে তাকে সাজা দিয়ে এভাবে তাকে আটকিয়ে রেখেছেন।’

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, শামুসর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
কেন্দ্রীয় নেত্রীর মামলা: ছাত্রদল নেতাকে ধরতে এসে সাংবাদিককেও তুলে নিয়ে গেলো ডিবি
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে
বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না
সর্বশেষ খবর
আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
আমি মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
আমি মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে চুক্তি চাই: ট্রাম্প
তদন্তে গিয়ে অভিযুক্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
তদন্তে গিয়ে অভিযুক্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার