আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের আট নেতাকে স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আমাকে যে সম্মান, ভালোবাসা দেখিয়েছেন সে সম্মান তিনি চট্টগ্রামের সাধারণ মানুষের প্রতিও দেখিয়েছেন। তিনি আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে বীর চট্টলার আট নেতাকে রেখেছেন। শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, সরকার পরিচালনায় নয়, দল পরিচালনায়ও যে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রধানমন্ত্রী আটজনকে কমিটিতে রেখে তারই প্রতিফলন ঘটিয়েছেন।’
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমি জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তিনি আমার মতো একজন সাধারণ মানুষকে আওয়ামী লীগের দফতর সম্পাদক করেছেন। আমি কখনও নেতা হতে চাইনি, আমি রাজনীতি করেছিলাম অনুরাগের বিষয় হিসেবে। আমি কখনও পদ-পদবি চাইনি। কিন্তু দল আমাকে যখন দায়িত্ব দিয়েছে, আমি প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করেছি। নামের আগে বিশেষণ, পদ-পদবি আমাকে বিব্রত করে।’
তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে বিশেষ কিছু মুহূর্ত থাকে, যখন ভাষা হারিয়ে যায়। আমি আজ আপনাদের যে ভালোবাসা পেয়েছি, যে সম্মান পেয়েছি, আমি বাকরুদ্ধ, আমি অভিভূত। আমি আওয়ামী লীগের দফতর সম্পাদক হতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হতে পারি– কিন্তু আমি চট্টগ্রামের সন্তান। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি আমার শেকড়কে ভুলে না যাই। আপনাদের এই ভালোবাসা যাতে ভুলে না যাই, সেই কামনা করি।’








