মার্চের শেষ দিকে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেন জ্লাতান ইব্রাহিমোভিচ। প্রত্যেক ম্যাচে ঝলমলে পারফরম্যান্স করছেন সুইডিশ স্ট্রাইকার। রবিবার রাতে মেজর সকার লিগে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন তিনি।
ওরল্যান্ডো সিটির কাছে পিছিয়ে পড়েও ৪-৩ গোলে জয় আদায় করলেন সুইডেনের শীর্ষ গোলদাতা।
গ্যালাক্সির জার্সিতে এখন পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ইব্রার গোল ১৫টি। পাঁচ ম্যাচে করেছেন একাধিক গোল। মাত্র ২৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। জিওভানি দস সান্তোসকে দিয়ে করিয়েছেন অন্য গোলটি।
তিনবার এগিয়ে গিয়েও টানা তৃতীয় হার এড়াতে পারেনি ওরল্যান্ডো। ইব্রার কাছেই শেষ হয়েছে তাদের সব উচ্ছ্বাস। এই ম্যাচে গোলে ৭টি শট নেন সুইডেনের তারকা স্ট্রাইকার।
ক্রিস্টিয়ান হিগুইতার ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় ওরল্যান্ডো। ৩৯ মিনিটে দস সান্তোস সমতা ফেরান। বিরতির ঠিক আগে মাইকেল কিয়ানির আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় ওরল্যান্ডো। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গোল করে গ্যালাক্সিকে সমতায় ফেরান ইব্রা। ডম ডোয়ার আবার ৩-২ গোলে এগিয়ে দেন ওরল্যান্ডোকে। এরপর তাদের চমকে দিয়ে ৬৭ ও ৭১ মিনিটে গোল করে দলকে জয় উদযাপনের সুযোগ করে দেন ইব্রাহিমোভিচ, দিনটা করে নেন নিজের। ইএসপিএনএফসি








