টেস্টের জন্য অভূতপূর্ব এক সিদ্ধান্ত নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টিম পেইনের ডেপুটি হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছে তারা। প্রথমবার ভোট ও সাক্ষাৎকার নিয়ে সহঅধিনায়ক নির্বাচন করল দেশটির ক্রিকেট বোর্ড।
ডানহাতি অলরাউন্ডার মিচেল মার্শ ও ডানহাতি ফাস্ট বোলার জশ হ্যাজেলউডকে যৌথ সহঅধিনায়ক করেছে সিএ।
দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে দুই তারকা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ এক বছর নিষিদ্ধ হওয়ার পর অক্টোবরে প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজে নেতৃত্ব দেবেন পেইন। তার সহঅধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হ্যাজেলউড। কিন্তু কোচ জাস্টিন ল্যাঙ্গার নতুন অধিনায়কের সহকারী হিসেবে দুজনকে নিয়োগ দেওয়ার অনুরোধ করেন।
লম্বা সময়ের নির্বাচন প্রক্রিয়া শেষে কোচের অনুরোধ রেখে মার্শ ও হ্যাজেলউডকে নিয়োগ দিলো বোর্ড। কেবল তৃতীয় বিশেষজ্ঞ পেসার হিসেবে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন হ্যাজেলউড। আর বাবা জিওফের পদাঙ্ক অনুসরণ করলেন মার্শ। অ্যালান বোর্ডারের সহকারী হিসেবে টেস্টের দায়িত্বে ছিলেন জিওফ।
নেতৃত্ব নিয়ে নিজেদের পরিকল্পনা ও দূরদর্শিতা জানাতে এই দুজনকে সাক্ষাৎকার দিতে হয়েছে গ্রেগ চ্যাপেল, মার্ক টেলর, জাস্টিন ল্যাঙ্গার, ডেভিড পিভার, ট্রেভর হনস, মাইকেল লয়েড ও প্যাট হাওয়ার্ডের প্যানেলের কাছে। সেখানেই দক্ষতার প্রমাণ দিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন মার্শ ও হ্যাজেলউড।
দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুই ম্যাচে খেলতে পারবেন না হ্যাজেলউড। এই সফরে কেবল একাই সহঅধিনায়কের দায়িত্বে থাকবেন মার্শ। নতুন ভূমিকায় নিজের নাম জানতে পেরে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি খুব গর্বিত। গত কয়েক মাস ধরে এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম আমরা। আশা করি আমি সবার আস্থা রাখতে পারব।’








