শ্রীলঙ্কার লেজ গুটিয়ে দিতে শেষ দিন মাত্র ১৪ বল করতে হলো নিউজিল্যান্ডকে। তাতে ক্রাইস্টচার্চ টেস্ট রেকর্ড ৪২৩ রানে জিতে দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করলো কিউইরা। টানা চতুর্থ সিরিজ জয়ে টেস্ট র্যাংকিংয়ের তিন নম্বরে উঠে গেল তারা।
চতুর্থ দিন চা বিরতির আগে হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ। রবিবারও ব্যাট করতে নামেননি তিনি। তাই সিরিজ জিততে নিউজিল্যান্ডের দরকার ছিল আর ৩ উইকেট।
৬ উইকেটে ২৩১ রানে শেষ দিন খেলতে নামে শ্রীলঙ্কা। ৬৬০ রানের টার্গেটে নামা দলটি গুটিয়ে যায় ২৩৬ রানে।
এটি নিউজিল্যান্ডের রেকর্ড টানা চতুর্থ সিরিজ জয়। গত মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে জেতে কিউইরা।
শ্রীলঙ্কার শেষ ৩ উইকেটের দুটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দিনের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমলকে মাঠছাড়া করেন এই পেসার। তার পরের ওভারের প্রথম বলে দুষ্মন্ত চামীরাকে আউট করেন বোল্ট। ম্যাচে ১০৭ রান দিয়ে ৯ উইকেট পেলেন তিনি, প্রথম ইনিংসে নেন ৩০ রান খরচ করে নেন ৬ উইকেট।
বোল্টের দুই উইকেটের মাঝে নাইল ওয়াগনার তার বাউন্সে দিলরুয়ান পেরেরাকে কেন উইলিয়ামসনের ক্যাচ বানান। চতুর্থ দিন গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেওয়া ওয়াগনার দ্বিতীয় ইনিংস শেষ করেছেন ঝুলিতে ৪ উইকেট পুরে। প্রথম ইনিংসে ৬৮ রান এবং ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।
শুধু রানের ব্যবধানে নিউজিল্যান্ডের এটাই বড় জয়। এর আগে তাদের সবচেয়ে বড় জয় ছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানের। ক্রিকইনফো








