এডেন হ্যাজার্ডের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গুঞ্জন উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে তার যাওয়া নিয়ে। চেলসি উইঙ্গার সেটা বারবার প্রত্যাখ্যান করেছেন। কিন্তু তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে সতীর্থ হিসেবে দেখতে চান রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
২০২০ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি আছে হ্যাজার্ডের। গত ফেব্রুয়ারির শুরুতে তিনি জানান, ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এর বেশি কিছু বলেননি তিনি। তাতে রিয়ালেই যাচ্ছেন, এমন গুঞ্জন জোরালো হয়ে ওঠে।
জাতীয় দল ও সাবেক ক্লাব চেলসির পর রিয়ালেও সতীর্থ হিসেবে ২৮ বছর বয়সী উইঙ্গারকে পেতে চান বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া, ‘আমি জানি না সে রিয়াল মাদ্রিদের চুক্তি করছে কিনা, আবার এটাও জানি না ক্লাব তাকে চায় কিনা। আমার কাছে সে সেরা একজন খেলোয়াড়, কিন্তু আমি এসব ব্যাপারে সিদ্ধান্ত নেই না।’
রিয়াল গোলরক্ষক আরও যোগ করেছেন, ‘প্রত্যেকে তার জীবনের সিদ্ধান্ত নিজে নিবে। আমার কাছে সে বিশ্বের অন্যতম খেলোয়াড় এবং বন্ধু হিসেবে আমি তাকে এখানে পেলে ভালোই হবে।’ গোল ডটকম








