নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনার পর আয়ারলান্ডের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুটা দেরিতে হলেও এ ব্যাপারে ক্রিকেট আয়ারল্যান্ড আশ্বস্ত করেছে বিসিবিকে। বিষয়টি নিশ্চিত করেছেছন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
কোনও টুর্নামেন্ট খেলতে কিংবা দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে বিদেশি কোনও দল বাংলাদেশ সফরে এলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর থেকে শুরু করে টিম হোটেল, সেখান থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে টিম হোটেল- পুরো পথই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এমনকি বিদেশি খেলোয়াড়রা মাঠের বাইরে কোথাও বেড়াতে গেলে সেখানেও থাকে এই ব্যবস্থা। বাংলাদেশ দলকে এমনটা না হলেও কাছাকাছি ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমরা তাদের কাছে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছিলাম। সেই হিসেবে তারা আমাদের প্রত্যাশা মতোই ভালো একটি নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে। টিম হোটেল থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে টিম হোটেলে যাওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সশস্ত্র পুলিশ থাকবে। দলের সঙ্গে সার্বক্ষণিকভাবে থাকা নিরাপত্তা কর্মকর্তারা কোন হুমকি থাকলে স্থানীয় পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। সব মিলিয়ে তাদের নিরাপত্তা পরিকল্পনায় আমরা সন্তুষ্ট।’
আগামী ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে। ৫ মে আয়ারল্যান্ড উলভসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তারপর ৭ মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে পর্দা উঠবে ত্রিদেশীয় সিরিজের।







