নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি

বেজাসহ ৮ সরকারি প্রতিষ্ঠানকে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন দেওয়ায় বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটিসহ (বেজা) আটটি সরকারি প্রতিষ্ঠান ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পাবলিক হেলথ ল-ইয়ার্স নেটওয়ার্ক (পিএইচএলএন)।

রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দীন আহমেদ, আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও মো. আমিনুল ইসলাম এবং প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল উদ্দীনের পক্ষে ব্যারিস্টার জুয়েল সরকার এ নোটিশ পাঠান।

যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- প্রধান উপদেষ্টার অফিস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বেজার নির্বাহী চেয়ারম্যান, বিডার নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেড।

লিগ্যাল নোটিশে বলা হয়, ধূমপান ও তামাক ব্যবহার যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য নিষিদ্ধ করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। সেই অবস্থায় বেজা ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি দিয়ে আদালতের নির্দেশনা, সরকারের নীতি ও সংবিধানের মৌলিক ধারার লঙ্ঘন করেছে।

নিকোটিন পাউচকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির পণ্য হিসেবে অনুমোদন দেয়নি বলেও নোটিশে উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ

নোটিশে ২০১৬ সালের ১ মার্চ দেওয়া আপিল বিভাগের রায় (সিভিল আপিল নং ২০৪–২০৫/২০০১) উদ্ধৃত করে বলা হয়— দেশে তামাক ও তামাকজাত দ্রব্যের নতুন কোনও কোম্পানিকে অনুমোদন না দেওয়া এবং বিদ্যমান কোম্পানিগুলোকে তামাক উৎপাদন থেকে অন্য শিল্পে রূপান্তরের নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে নিকোটিন পাউচের মতো ক্ষতিকর পণ্যের অনুমোদন আদালতের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী।

সরকারের আগের সিদ্ধান্তও উপেক্ষিত

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৮ মে ই-সিগারেট ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা দেয় সরকার। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৫টি মন্ত্রণালয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে যৌথ ঘোষণায় স্বাক্ষর করে। সংশোধিত আইনের খসড়াতেও এমন নিকোটিন পণ্য নিষিদ্ধের প্রস্তাব রয়েছে।

এ অবস্থায় নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন ‘নীতিগত অসংগতি’ হিসেবে আখ্যায়িত করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।

তামাকজনিত ক্ষতির তথ্য

বাংলাদেশে প্রতিবছর তামাক ব্যবহারের কারণে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়— নোটিশে এমন তথ্য তুলে ধরা হয়। দেশে প্রায় ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। ২০১৮ সালে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ছিল ৩০ হাজার ৫৭০ কোটি টাকা।

অনুমোদন বাতিলের দাবি

নোটিশে দ্রুত তদন্ত করে ফিলিপ মরিসের নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন বাতিল এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় ‘আইন, আদালত ও বিচারব্যবস্থার সম্মানহানি’ হবে বলেও উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট নিশাত মাহমুদ, সদস্য-সচিব, পাবলিক হেলথ ল-ইয়ার্স নেটওয়ার্ক। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও আদালতের নির্দেশনা প্রতিপালনের স্বার্থেই এই আইনি উদ্যোগ নেওয়া হয়েছে।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল হচ্ছে আনোয়ারায়
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
মমতাসহ তৃণমূলের নেতাদের আইনি নোটিশ দিলেন দলীয় এমপির ছেলে
সর্বশেষ খবর
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
গোলকিপারের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিয়েছে কুরাসাও
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
বাবা হারানোর বেদনা থেকে দোলার গান ‘বাবার ছায়া’
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
‘অ্যাডলফ হিটলার’ নামে পিৎজা অর্ডার করায় কলেজছাত্রের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন