তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতি আনতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৯:২৭

প্রযুক্তির উৎকর্ষে আদালত ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এসেছে উল্লেখ মামলা ব্যবস্থাপনায় গতি আনতে বিচারকদের প্রতি তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহারের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, মামলার সংখ্যা বৃদ্ধির হার আয়ত্তের মধ্যে রাখতে বিচারকদের আরও কাজ করতে হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকরা তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করবেন দেশবাসী তা প্রত্যাশা করে।’

বিচারকদের আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বিচার কাজ একটা জটিল বিষয়। কিন্তু তারপরও আমি বলবো মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরও বেশি কাজ করতে হবে।’

‘বিচারকদের খেয়াল রাখতে হবে মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়।’

‘সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে’ – বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

জাতির ক্রান্তিকালে যেসব বিচারক বিবেক বিক্রি করে দেননি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, ‘আজকের এই সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতাভরে স্মরণ করছি সুপ্রিম কোর্টের সেইসব অকুতোভয় বিচারপতিদের যারা বন্দুকের নলের কাছে নতি স্বীকার করেননি। তাদের বিবেককে কখনো বিকিয়ে দেননি। এছাড়া বিজ্ঞ আইনজীবীদের ভূমিকাও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

‘জাতির ক্রান্তিকালে যখনই প্রয়োজন হয়েছে, সুপ্রিম কোর্ট তার ওপরে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংবিধানকে রক্ষা করেছে।’

বিচার কাজ ও মামলা ব্যবস্থাপনায় গতি আনতে তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, ‘আধুনিক তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন। প্রযুক্তির উৎকর্ষে মানুষ নানা ধরনের অ্যাপস ব্যবহার করে দৈনন্দিন বিভিন্ন কাজ সম্পন্ন করছে। এই যুগচেতনার সন্ধিক্ষণে আদালত ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন এসেছে। তথ্যপ্রযুক্তির সমস্ত সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে হবে।’

আবদুল হামিদ বলেন, ‘দেশের সকল আদালতের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে বিচার কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অব রেকর্ড সেহেতু এর সকল নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি।'

ইতোমধ্যে সুপ্রিম কোর্টে অনলাইন কজলিস্ট চালু এবং অনলাইন বেল কনফার্মেশন ব্যবস্থা কার্যকরভাবে চলার কথা উল্লেখ করেন আবদুল হামিদ।

বিচার বিভাগের আধুনিকায়নে সরকারের উদ্যোগের কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বিচার বিভাগের আধুনিকায়নে সরকার অত্যন্ত আন্তরিক এবং এ লক্ষ্য অর্জনে ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। সরকার বিচারকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীসহ বিচার বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন রাষ্ট্র প্রধান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক,  অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
‘২০০ মানুষ ক্যামেরা হাতে আমাদের ভিডিও করছে, সত্যিই অসাধারণ’
‘২০০ মানুষ ক্যামেরা হাতে আমাদের ভিডিও করছে, সত্যিই অসাধারণ’
তীব্র দাবদাহের পর হঠাৎ বৃষ্টিতে ঝুঁকি বাড়ে যেসব রোগের
তীব্র দাবদাহের পর হঠাৎ বৃষ্টিতে ঝুঁকি বাড়ে যেসব রোগের
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮
দেশে ফিরেছেন ৩২৮৩২ হাজি, মৃত্যু ৪৮
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি