কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে ইরানে টানা তৃতীয় রাতের মতো হামলা স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আলোচনার সুযোগ তৈরিতে প্রেসিডেন্ট একটু সময় ও সুযোগ দিচ্ছেন। এর জবাবে ইরানি সেনাবাহিনীর এক মুখপাত্রও জানান, তেহরানও এই অঞ্চলে তাদের প্রতিশোধমূলক হামলা স্থগিত রেখেছে। টানা প্রায় দুই সপ্তাহ মার্কিন হামলা ও পাল্টা হামলার পর এই বিরতি এলো, যা জুনে হওয়া যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছিল।
হামলা স্থগিতের খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত কমে সোমবার সকালে প্রতি ব্যারেলে ৯০ ডলারের নিচে নেমে এসেছে, যা গত সপ্তাহে মে মাসের পর প্রথমবারের মতো ১০০ ডলারে পৌঁছেছিল। তবে ট্রাম্প উত্তেজনা কমানোর স্থায়ী সিদ্ধান্ত নিয়েছেন কিনা- এমন প্রশ্নে এনবিসিকে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্টের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন আকাশ প্রতিরক্ষা গোলাবারুদের ঘাটতির যে কথা বলা হয়েছিল, তা খারিজ করে ওয়াল্টজ দাবি করেন, সামরিক অভিযানের জন্য প্রয়োজনীয় সব কিছুই মার্কিন বাহিনীর রয়েছে। সিবিএসকে তিনি জানান, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে এবং ট্রাম্পের বক্তব্যকে ইরানের গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
এখনও ট্রাম্প এ নিয়ে প্রকাশ্যে কথা না বললেও তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে মার্কিন যুদ্ধবিমান দ্বারা ইরানের জাহাজ ও খার্গ দ্বীপে বোমাবর্ষণের এআই-জেনারেটেড ছবি পোস্ট করেছেন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি কমানোর লক্ষ্যে টানা ১৩ রাত যুক্তরাষ্ট্রের হামলার পর এই বিরতি এলো।
এদিকে, হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে শুক্র ও শনিবার তেহরানে ইরান ও ওমানের মধ্যে কয়েক দফা কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গত জুনে সামরিক অভিযান বন্ধ ও প্রণালি পুনরায় চালুর স্মারক সই হলেও ১৩ জুলাই ইরানি বাহিনী ট্যাঙ্কারে হামলা চালালে যুক্তরাষ্ট্র পুনরায় বিমান হামলা ও নৌ-অবরোধ শুরু করে। এতে চার জন মার্কিন সেনা নিহত হন এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বেশ কয়েকজন নিহত হন।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
জার্মানিতে সমকামীদের ‘প্রাইড শোভাযাত্রায়’ হামলা, নিহত ১







