আগামী দুই দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা নিয়ে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আমরা ইরানিদের সঙ্গে আলোচনায় আছি। আমার মনে হয় আজ বা কালকের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া এবং এই সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থানের দিকে নিয়ে যাওয়ার মতো একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে।
চুক্তির অধীনে তেহরানকে কোনও টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না, এমন প্রশ্নে বেসেন্ট জানান, এই চুক্তি প্রণালিতে অবাধ চলাচলের অনুমতি দেবে। তিনি বলেন, এটি অবাধ চলাচলের সুযোগ তৈরি করবে। গত কয়েক দিনে সেখানে পরিস্থিতি কিছুটা ঝুঁকিপূর্ণ থাকলেও আমরা এখনই বেশ কিছু জাহাজ বের হতে দেখছি।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলে জ্বালানি তেলের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে মার্কিন অর্থমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন। তিনি জানান, সেখানে শত শত জাহাজ বের হওয়ার অপেক্ষায় রয়েছে।
সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, পরিস্থিতি এখনও কিছুটা অনিশ্চিত হলেও বর্তমানে বেশ কিছু জাহাজ বেরিয়ে আসছে। তাই আমি আশা করি জ্বালানি পণ্যের মূল্য আবার কমে স্বাভাবিক হবে, যা পুরো বিশ্বের জন্যই ভালো হবে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচলের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও কোনও চূড়ান্ত চুক্তি এখনও হয়নি।
পররাষ্ট্র দফতরে সাংবাদিকদের রুবিও বলেন, ওই আলোচনাগুলোতে অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি খুব দ্রুতই তা সম্পন্ন হবে।
সূত্র: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের ৭ রাজ্যের পানি সরবরাহ ব্যবস্থায় কি সাইবার হামলা চালিয়েছে ইরান
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী







