অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনিকে প্রধান এআই সহকারী হিসেবে আনার মধ্য দিয়ে প্রায় এক দশকের পথচলার অবসান ঘটাতে যাচ্ছে গুগল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে গুগল। পরিবর্তনটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। কোনও ডিভাইসে এই পরিবর্তন কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা আর গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন না।
এই পরিবর্তনের আওতায় থাকবে সব অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট, ওয়্যার ওএস স্মার্টওয়াচ, সামঞ্জস্যপূর্ণ হেডফোন ও ইয়ারবাড এবং ফোনের মাধ্যমে সংযুক্ত অ্যান্ড্রয়েড অটো। তবে অ্যান্ড্রয়েড অটোমোটিভ-চালিত যেসব গাড়িতে গুগলের বিল্ট-ইন সিস্টেম রয়েছে, সেগুলোতে ৪ সেপ্টেম্বরের পরও গুগল অ্যাসিস্ট্যান্টের সেবা বহাল থাকবে। একইভাবে গুগল হোম স্পিকার, স্মার্ট ডিসপ্লে ও গুগল টেলিভিশনে এই নির্দিষ্ট পরিবর্তন প্রযোজ্য নয়। এসব ডিভাইসে জেমিনি-ভিত্তিক পরিবর্তন আলাদাভাবে এগোচ্ছে। এসব ডিভাইসে জেমিনি যুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাদাভাবে কাজ করছে গুগল।
গুগল ২০২৫ সালেই গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে জেমিনিকে আরও উন্নত ও স্থিতিশীল করতে গুগলের এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় এক বছর দেরি হয়। এতদিন ব্যবহারকারীরা জেমিনি ব্যবহার করে কোনও কাজে ব্যর্থ হলে আবার গুগল অ্যাসিস্ট্যান্টের কাছে ফিরে যেতে পারতেন। তবে পরিবর্তনটি বাস্তবায়নের পর সেই বিকল্প আর থাকবে না। যেসব অ্যান্ড্রয়েড ডিভাইস জেমিনির ন্যূনতম সিস্টেম রিকোয়্যারমেন্ট পূরণ করে এবং যেসব অঞ্চলে জেমিনি ব্যবহারযোগ্য, সেসব ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবেই নতুন এআই সহকারী হিসেবে জেমিনি চালু হবে। তাই এর জন্য ব্যবহারকারীকে কোনও অ্যাপ ইন্সটল বা আপডেট করতে হবে না।
জেমিনি ইতোমধ্যে কল করা, বার্তা পাঠানো, নেভিগেশন এবং বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের মতো নিত্যপ্রয়োজনীয় প্রায় সব সরল কাজই করতে পারে। ইন্টারপ্রেটার মোড ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে কথোপকথনের সময় তাৎক্ষণিক অনুবাদে সহায়তা করতো, ফলে ভাষাগত যোগাযোগের ক্ষেত্রে এটি ছিল বেশ কার্যকর একটি ফিচার। জেমিনিতে এর পূর্ণ সমর্থন না থাকায় এটি একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছে। তবে ‘টকব্যাক’-এর মতো অত্যন্ত কার্যকরী অ্যাক্সেসিবিলিটি ফিচার জেমিনিতে যুক্ত থাকায় দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবহারকারীরাও এর সুবিধা উপভোগ করার সুযোগ পেতে যাচ্ছে।
গুগলের হিসাবমতে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৫ কোটিতে পৌঁছেছে, যা গত এক বছর আগের ৪৫ কোটি মাসিক ব্যবহারকারীর সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি। ব্যবহারকারীর সংখ্যা ও ব্যবহারের হার বাড়ার ধারাবাহিকতায় গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনিকে প্রধান এআই সহকারী হিসেবে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে ওপেনএআই