পুলিশের উপস্থিতিতে কীভাবে ঘটলো এমন ঘটনা?

রাজবাড়ী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ২২:১৮আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন নারী উদ্যোক্তা। ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে তাকে মারধর ও হেনস্তা করা হয়েছিল। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কয়েক হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে।

এভাবে মারধরের কারণ কী

ভুক্তভোগী নারী উদ্যোক্তা জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানের এক কর্মচারী হিসাবনিকাশ না বুঝিয়ে দিয়ে অন্য দোকানে গিয়ে চাকরি শুরু করেন। এ ঘটনায় তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ করেন। এরপর থেকে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৩ আগস্ট ওই নারী কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি রাজবাড়ীর কাপড় বাজারের তৃতীয় তলায় তার প্রতিষ্ঠানে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। গতকাল শনিবার দুপুরে কয়েক শ মানুষ তার দোকানে এসে তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার সময়ও কয়েকজন যুবক তাকে লাথি মারেন।

তিনি জানান, জেলার ২৬টি সাবসেন্টারের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় চার হাজার নারী শ্রমিক যুক্ত। কাপড় বাজারে তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় এসব শ্রমিকের অনেকে চাকরি হারানোর আশঙ্কায় আছেন।

তিনি বলেন, ‘আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। একজন কর্মচারীর বিরুদ্ধে হিসাব না দেওয়ার অভিযোগ করায় যদি এভাবে আমাকে প্রকাশ্যে হেনস্তার শিকার হতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

তবে ওই নারীর দোকানের যে নারী কর্মচারীকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই নারী এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি তার দোকানের কর্মচারী ছিলাম। নিয়ম অনুযায়ী, দুই মাস আগে চাকরি ছাড়ার কথা বলি। তিনি যে অভিযোগ করছেন, আমি অন্য দোকানে কাজ করছি। এটা মিথ্যা কথা। আমি নিজে দোকান দিয়েছি। ওই দোকান মালিক নারী আমাকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রস্তাব দিচ্ছিলেন। আমি রাজি হইনি। এরপর থেকে আমাকে নানা প্রেশার দিচ্ছিলেন, তার কথা না শুনলে আমার সমস্যা হবে। পরে আমি চিন্তা করলাম, নিজের সম্মান নষ্ট করে চাকরি করা যায় না। এরপর আমি চাকরি ছেড়ে দিই।’

যা বলছে পুলিশ

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‌‘ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ওই নারীকে ঘিরে ধরেছিলেন। মারধরও করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, ‘শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারে ঘটনাটি ঘটেছিল। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য ওই নারীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। পেছনে রয়েছেন আরও দুজন পুরুষ পুলিশ সদস্য। এ সময় হঠাৎ এক যুবক ওই নারীকে লাথি দেন। পরে পেছনে থাকা এক পুলিশ সদস্য ওই যুবককে সরিয়ে দেন। এরপর আরেক যুবক ওই নারীকে লাথি দেন। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তি তাকে হাত দিয়ে ধাক্কা দেন। পুরো ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটেছে।

পুলিশের সামনেই মারধর করা নিয়ে প্রশ্ন

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা কীভাবে ঘটলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজন কাপড় ব্যবসায়ী জানান, কাদেরিয়া মার্কেটের তৃতীয় তলায় ওই নারীর দোকান রয়েছে। ওই দোকানের এক নারী কর্মচারী নিজে দোকান করার উদ্যোগ নেন। বিষয়টি নিয়ে ওই নারী কাপড় বাজার ব্যবসায়ী নেতাদের কাছে অভিযোগ দেন। শনিবার ওই নারী একই অভিযোগ নিয়ে কাপড় বাজার ব্যবসায়ী নেতা আব্দুল আজিজ মণ্ডলের কাছে যান। আজিজ মণ্ডল বিষয়টির সুরাহা করতে অপারগতার কথা জানান।

এরপর ওই নারী শতাধিক নারীসহ হ্যান্ড মাইক হাতে কাদেরিয়া মার্কেটের নিচতলায় মিছিল করেন। পরিবেশ ক্রমশ উত্তপ্ত হতে থাকলে কাপড় বাজারের ব্যবসায়ীরা ওই নারীর বিচার দাবিতে সব দোকান বন্ধ করে দেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান। দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার খোলা হয় দোকানপাট।

যা বলছেন ব্যবসায়ী সমিতির নেতারা

রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ জানান, ঘটনাটি শুনে তিনি কাপড় বাজার গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। ওই নারীর বিরুদ্ধে বহুদিন ধরে নানা অভিযোগ শুনছেন। নানাভাবে ওই নারী ব্যবসায়ীদের জ্বালাতন করতেন। ওই নারীর দোকানের এক কর্মচারী দোকান দেবে। কিন্তু তাকে দোকান দিতে দেবে না। এখান থেকেই ঝামেলার শুরু। কাপড় বাজারে মিছিল করার পর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়। পরে রাজবাড়ী থানার পুলিশ এসে ওই নারীকে নিরাপত্তা হেফাজতে নেন। কাপড় বাজার ব্যবসায়ীদের নিয়ে তিনি থানায় গেলেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ওই নারীকে কাপড় বাজারে আর ব্যবসা করতে দেওয়া হবে না- এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাসমুল হক বলেন, ‘কাপড় বাজারের ঘটনায় কোনও পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।’ পুলিশ থাকা অবস্থায় নারীকে লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভিডিওটি এখনও দেখিনি। ভুক্তভোগী নারী এই বিষয়ে অভিযোগ দিলে পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ভাইরাল ভিডিওটি অন্য ঘটনার, জানালো ভোক্তা অধিদফতর
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
সর্বশেষ খবর
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
মন্ত্রণালয়ে আরেকটু বোঝার পরই সিদ্ধান্ত নেবো কীভাবে দুর্নীতি সরানো যায়: খাদ্যমন্ত্রী
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা