নেপালে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রেমিক ও তার পরিবারকে খুঁজে বের করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহায়তা চেয়েও বাধার মুখে পড়েছেন এক অস্ট্রেলীয় তরুণী। উদ্ধারকারীদের তল্লাশি অভিযান সহজ করতে নিখোঁজদের ফোনের শেষ অবস্থান সংক্রান্ত লোকেশন ডেটা শেয়ার করার আবেদন জানালেও তথ্যের গোপনীয়তার কারণ দেখিয়ে তা নাকচ করেছে টেক জায়ান্ট অ্যাপল ও টেলিকম সেবাদাতা অপটাস।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী অস্ট্রেলীয় মেডিক্যাল শিক্ষার্থী সারদা বিশ্বনাথন গত আট দিন ধরে তার নিখোঁজ বয়ফ্রেন্ড রিশভ আইয়ার ও তার পরিবারের শেষ অবস্থান শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। গত ২৬ আগস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তের কাছে একটি হিমবাহ ধসে বিধ্বংসী বন্যার সৃষ্টি হলে মা-বাবা ও ছোট ভাইসহ নিখোঁজ হন ২৩ বছর বয়সী রিশভ।
উত্তর-পশ্চিম সিডনির নিজ বাসা থেকে সারদা জানান, নেপাল থেকে সরাসরি কোনও তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এদিকে নিখোঁজ রিশভদের অবস্থান শনাক্তে সাহায্য করতে পারে এমন তথ্য চেয়ে অ্যাপল ও সিঙ্গটেলের মালিকানাধীন অপটাসের কাছে আবেদন করা হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।
মেডিক্যাল শেষ বর্ষের শিক্ষার্থী রিশভ পবিত্র কৈলাশ পর্বত দর্শনে মা-বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে তীর্থযাত্রায় গিয়েছিলেন। সারদা জানান, ২৬ আগস্ট সকালে রিশভের সঙ্গে তার শেষ কথা হয়। বন্যা আঘাত হানার প্রায় ৩০ মিনিট আগে অ্যাপলের ফাইন্ড মাই সার্ভিস এবং লাইফ৩৬০ ট্র্যাকিং অ্যাপে তাদের শেষ অবস্থান দেখা যায় নেপাল-তিব্বত সীমান্তের কাছে একটি হোটেলের পাশে।
ওই ট্যুর গ্রুপের অন্য এক সদস্যের কাছে স্থানীয় নেপালি নম্বর থাকায় তার স্বজনরা নেপালি কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী সময়ের একটি সিগন্যাল ট্র্যাক করতে পেরেছেন। তবে অস্ট্রেলিয়ান নম্বর ব্যবহার করায় রিশভদের ক্ষেত্রে এমন তথ্য পাওয়া যায়নি; উল্টো অ্যাপল ও অপটাস ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার যুক্তি দেখিয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারদা বলেন, এটা কোনও সাধারণ পরিস্থিতি নয় যেখানে আমি কেবল সঙ্গীর খোঁজ নিচ্ছি, আমি তার জীবন বাঁচানোর চেষ্টা করছি।
এ বিষয়ে অপটাস এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত গ্রাহকের তথ্যের ব্যাপারে তারা কোনও মন্তব্য করতে পারছে না। অন্যদিকে অ্যাপল তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
ট্র্যাকিং অ্যাপ লাইফ৩৬০ জানায়, অননুমোদিত কাউকে তথ্য পেতে হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আবেদন করতে হয়।
নেপালে বিদেশি পর্যটকদের উদ্ধার কার্যক্রম সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা স্মৃতি ভান্ডারি জানান, রিশভদের দলটি যেখানে নিখোঁজ হয়েছিল সেখানে তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও অস্ট্রেলীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন কোনও তথ্য পাওয়া গেলে উদ্ধারকারী দল পুনরায় সেখানে অভিযান চালাবে।
জীবন বাঁচানোর সময় দ্রুত ফুরিয়ে এলেও হাল ছাড়তে নারাজ সারদা বিশ্বনাথন। তিনি বলেন, অনেকে হয়তো ভাবছেন এতদিন পর আমরা আশা হারিয়ে ফেলেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা বিন্দুমাত্র কমেনি। বরং প্রিয়জনকে জীবিত ফিরে পেতে আমরা আগের চেয়েও বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, নেপালে ভয়াবহ এই দুর্যোগে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ, যার মধ্যে ৩৮ জন অস্ট্রেলীয় নাগরিকসহ শত শত বিদেশি পর্যটক রয়েছেন।

আবারও হামলার হুমকি ট্রাম্পের, জবাব দিলো ইরান
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রফতানি বন্ধ
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য






