বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দিনে বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি। তিনি প্রশ্ন রেখে বলেন, গুপ্তদের মধ্য থেকে কেউ কি অরাজকতা তৈরির চেষ্টা করছে? তাহলে তারাই কি স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে? স্বৈরাচার কি আবার গুপ্তদের মাঝে গুপ্ত হয়ে আছে? একজন আরেকজনকে আড়াল করার চেষ্টা করছে?
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনও ধরনের অরাজকতা করলে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা দরকার।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে স্বৈরাচার ও অন্তর্বর্তী সরকারের আমলের সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি হাল ধরেছে।
তিনি বলেন, বিগত দিনে বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি। জনগণের অধিকার আদায়ে সর্বদা রাজপথে সক্রিয় ছিল। দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।
তারেক রহমান স্বীকার করেন, এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানি সংকট। এ সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনও সংকট তৈরি না হয়, সে বিষয়েও জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারের সৃষ্ট সমস্যা হোক—সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।









