প্লেন সাধারণত ৩০ হাজার থেকে ৪২ হাজার ফুট উচ্চতায় উড়ে থাকে। কিন্তু কী কারণে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান হঠাৎ মাত্র ৯ হাজার ফুট উচ্চতায় নেমে আসলো। আর পরে কী হয়েছিলো যাত্রীদের সাথে?
উড্ডয়নরত অবস্থায় হঠাৎ কেবিনের চাপ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় চরম আতঙ্কের মুখোমুখি হয়েছেন ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। রবিবার লস অ্যাঞ্জেলেস থেকে সল্ট লেক সিটির উদ্দেশ্যে রওনা হওয়া বোয়িং ৭৩৭-৯০০ ইআর মডেলের উড়োজাহাজটি ৩৫,০০০ ফুট উঁচুতে থাকাকালীন আকস্মিকভাবে ৯,০০০ ফুটে নেমে আসতে বাধ্য হয়।
উড়োজাহাজটিতে প্রায় ১৮১ জন যাত্রী ও ক্রু সদস্য উপস্থিত ছিলেন। মাঝ-আকাশে কেবিনের বাতাসের চাপ দ্রুত কমতে থাকলে স্বয়ংক্রিয়ভাবে মাথার ওপর থেকে অক্সিজেন মাস্ক বেরিয়ে আসে। এ পরিস্থিতিতে পাইলটরা দ্রুত আপৎকালীন প্রটোকল অনুসরণ করেন এবং অক্সিজেন মাস্ক পরিধান করে বিমানটিকে প্রায় ১০ মিনিটের মধ্যে জরুরি ভিত্তিতে ৯,০০০ থেকে ১০,০০০ ফুট উচ্চতায় নিয়ে আসেন, যাতে যাত্রীরা কৃত্রিম অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সময়ের অভিজ্ঞতা শেয়ার করে যাত্রীরা এটিকে অত্যন্ত মানসিক ধাক্কা ও আতঙ্কের মুহূর্ত বলে বর্ণনা করেন। দ্রুত গতিতে নিচে নেমে আসার কারণে অনেকের কানে তীব্র ব্যথা ও অস্বস্তি দেখা দেয়। জরুরি পরিস্থিতিতে পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষটি অবহিত করে গন্তব্য পরিবর্তন করে লস ভেগাসের বিমানবন্দরে নিরাপদে বিমানটিকে জরুরি অবতরণ করান। ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানও হয়েছে, যাত্রীদের সুরক্ষায় পাইলটরা যথাযথ প্রশিক্ষণ অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
সূত্র: উইয়ন নিউজ









