‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা

রিনা আকতার তুলি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০

নতুন চর জেগে ওঠার পর সশস্ত্র দলে সংঘটিত হয়ে খাসজমি দখলের মতো ঘটনা এবার খোদ রাজধানী ঢাকাতেও দেখা গেছে। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অন্তত চারটি ঘটনায় অস্ত্রধারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ঘটনাগুলোতে সম্পত্তি দখলের পাশাপাশি জননিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে। মুখোশধারী হামলাকারীরা মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রটি ভেঙে দেয় এবং লুট করে। পরদিন শুক্রবার সকালে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের একটি অফিসে কয়েকশ লোক ভাঙচুর চালায়। একই সময়ে সশস্ত্র দুষ্কৃতকারীরা আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাড়িতে হামলা করে। রাতে ইসিবি চত্বর এলাকায় দুই ট্রাকভর্তি লোক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

কয়েক ঘণ্টার ব্যবধানে এমন পরপর কয়েকটি ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগজনক বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, অস্ত্রশস্ত্র ও লোকবল নিয়ে সম্পত্তি দখলের যেকোনও বেআইনি চেষ্টা জননিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। রাজনৈতিক পটপরিবর্তন, পেশিশক্তির ব্যবহার, শীর্ষ সন্ত্রাসীদের দমন না করা, আধিপত্য বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে এ ধরনের হামলার ঘটনা ঘটছে বলে মনে করছেন তারা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

পুলিশের অবস্থান

সম্প্রতি মিরপুরে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় পুলিশ বিবেচনা করবে না।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল বা আদর্শ দেখব না। আমরা দেখব অপরাধী কে। অবৈধ দখলসহ যেকোনও বেআইনি কাজে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। অপরাধ করে কেউ পার পাবে না, পুলিশ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় চাঁদাবাজির কথা বলা হলেও তদন্তে তারা জমি দখলের বিরোধ পেয়েছেন। ৫ আগস্টের পর থেকে রাজধানীতে অনেক জায়গায় জমি-বাড়ি পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। ৫ আগস্টের আগে যারা দখলে ছিল, তাদের অনেকে আবার পুনরায় দখল নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, উভয়পক্ষই দাবি করছেন তাদের বৈধ কাগজপত্র আছে এবং তারাই জমির মালিক। তবে জমির বৈধ মালিক যেই হোক, দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মামলা করতে হয়। আদালতের আদেশ অনুযায়ী পুলিশের সহযোগিতায় বৈধভাবে জমি দখলে নিতে হবে। এভাবে হামলা ও গোলাগুলি আইনে অপরাধ। এ ধরনের অপরাধে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না।

জনমনে উদ্বেগ

ইসিবি চত্বরের মূল সড়কে একটি সাততলা ভবনের বাসিন্দা ফরহাদ খান সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার রাতে ভয়ে আমরা ঘুমাতে পারিনি। গুলির শব্দে শিশু সন্তানদেরও ঘুম ভেঙে যায়। সরকারের উচিত এদের কঠোরভাবে দমন করা।’

সম্প্রতি আদাবরের আটতলা একটি বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। বাড়িটির মালিক আমিনুর রহমানের ভাতিজা মনির হোসেন বলেন, ৫ আগস্টের পর তাদের বাড়ি দখলে নেওয়া হয়। তবে আইনের মাধ্যমে চলতি বছরের মার্চে তারা বাড়িটি বুঝে পান। এরপর শনিবার সকালে হামলার ঘটনা ঘটে। 

তিনি বলেন, ‘আমরা ভয়ের মধ্যে আছি। ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। সরকারের কাছে নিরাপত্তা চাই।’

সালমানের স্টুডিওতে হামলার নেপথ্যে কী?

কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা সম্পত্তির দখলকে কেন্দ্র করে হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন, চাঁদাবাজির কারণে নয়, পাশের জমির মালিকের সঙ্গে নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। ডিবির ভাষ্য, সালমানের স্টুডিও হামলাকারীদের লক্ষ্য ছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত মূলহোতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শফিকুল ইসলাম আরও বলেন, ৩৫ কাঠা জমির দখল-বেদখলকে কেন্দ্র করে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।

তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত চলছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সালমান নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়ে স্টুডিও করেন। তবে হামলাকারীরা মনে করেছে এটি নিউ গিনি প্রপার্টিজের প্রতিষ্ঠান।

এর আগে রবিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। সম্পত্তি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি দখলের চেষ্টা হয়েছে।’

তবে সালমান মুক্তাদিরের বক্তব্য ভিন্ন। লাইভে তিনি দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলার পর প্রকাশ করা ভিডিওতে তিনি জানান, স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম নষ্ট ও লুট করা হয়েছে।

২০০ জনকে আসামি করে মামলা

লুটপাটের অভিযোগে সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।

হামলা ও ভাঙচুরে ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

৫ আগস্টের পর আপনি ৮ কাঠা জমি দখল নিয়েছেন, এমন অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘জমি আমি দখল করিনি, মহিউদ্দিনের লোকেরা দখলের জন্য হামলা চালিয়েছে। সালমানের স্টুডিওকে আমার প্রতিষ্ঠান ভেবে হামলা করেছে।’

সাবেক একাধিক সরকারি কর্মকর্তা জানান, নিউ গিনি প্রপার্টিজের সংলগ্ন সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের দাবি, অতীতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাত করে প্রভাব খাটিয়ে ৮ কাঠা জমি দখল করেছেন নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীন।

তারা আরও জানান, সম্প্রতি তার কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে টিনশেড বিল্ডিং করে স্টুডিও করেছেন সালমান মুক্তাদির। সম্প্রতি নাজিম উদ্দীন তিনটি নতুন গেট দিয়েছেন, যাতে ভেতরে অন্য জমির মালিকরা ঢুকতে না পারেন। দখলের উদ্দেশ্যে এমন করা হয়েছে বলে সাবেক সরকারি কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছেন। এ কারণে তারাও ক্ষুব্ধ হয়ে লোকজন ভাড়া করে গেট ভাঙতে গিয়ে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছেন।

কারা জড়িত

এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন, মজুমদারের মোড়ের আসলাম, মুন্না এবং ভাসানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিক। এছাড়া একই ঘটনায় করা মামলায় মো. শাহ আলম (৪৭), মো. আবুল আশেম (৫৩) ও মিজানুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা এবং মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

শাহ আলম অনিককে রবিবার রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে এবং মিজানুর রহমানকে সোমবার বিকালে পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে শাহ আলম ও আবুল আশেমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে একই ঘটনায় গ্রেফতার আরও তিন আসামিকেও কারাগারে পাঠানো হয়।

ডিবি সূত্র জানায়, মিরপুরের দুই শীর্ষ সন্ত্রাসী শাহাদাত ও কিলার ইব্রাহিমের সঙ্গে শাহরিয়ার ও শাহ আলম অনিকের সুসম্পর্ক রয়েছে। অনিকের বিরুদ্ধে মিরপুর, ভাসানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এবং একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি প্রধান বলেন, প্রাথমিক তদন্তে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় শাহরিয়ার ও শাহ আলম অনিকের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

ডিবি সূত্র জানায়, মিরপুর, ভাসানটেক, কাফরুল, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অনিকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলেও সূত্র জানিয়েছে।

যা বলছেন বিশেষজ্ঞরা

এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক সোমবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্পত্তি দখলের অসুস্থ প্রতিযোগিতা কোনওভাবেই কাম্য নয়। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার মাঠে সক্রিয় না হলে এসব অপরাধ বাড়তে থাকবে।’

তিনি বলেন, ‘দেশের সংগঠিত বেশিরভাগ বড় অপরাধের ক্ষেত্রেই দেখা যায় রাজনৈতিক নেতা ও শীর্ষ সন্ত্রাসীদের আঁতাতের মাধ্যমে এসব হয়ে থাকে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কেউ বিদেশে আছে, সেই সুযোগে অন্যের সম্পত্তি দখল করতে হামলা, গোলাগুলি, ভাঙচুর ও লুটের এসব ঘটনা প্রমাণ দেয় দেশে আইনের শাসন নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয়। যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এসব সমাধান রাজনৈতিক নেতাদের কাছ থেকেই আসতে হবে।’

তিনি বলেন, ‘পুলিশের সামনে মালপত্র লুট করে ট্রাকে তোলা হচ্ছে। এতে প্রমাণ করে, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারা ঘটনা সংশ্লিষ্ট এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করছে। এটা পুলিশের জন্য লজ্জার এবং দেশের আইনশৃঙ্খলার জন্য অসহনীয় সংকট। সরকারের উচিত শক্ত হাতে এসব সন্ত্রাসীদের দমন করা।’

/ইউএস/
সম্পর্কিত
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ইতালি নেওয়ার কথা বলে  মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ