জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়া ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একে যুক্তরাষ্ট্রের ‘হতাশা ও পরাজয়ের লক্ষণ’ হিসেবে মন্তব্য করেছেন তিনি।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে আরাঘচি লিখেছেন, একজন বাদে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়া সব ইরানি কূটনীতিক তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, কূটনীতিকদের ভুয়া ‘বহিষ্কারের’ জন্য গর্ব করা যেকোনও কূটনৈতিক প্রধানের জন্যই অনুপযুক্ত। এটি হতাশা ও পরাজয় থেকে নিঃসৃত এবং জাতিসংঘের আয়োজক রাষ্ট্র হিসেবে মার্কিন দায়বদ্ধতার পরিপন্থি।
এর আগে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলের নিউ ইয়র্ক ছাড়ার সময় নিয়ে তৈরি হওয়া দাবি প্রত্যাখ্যান করে।
ইরানি মিশন থেকে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর আগে থেকেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো সূচি অনুযায়ীই সোমবার সন্ধ্যায় ইরানি প্রতিনিধি দল নিউ ইয়র্ক ত্যাগ করেছে।
কোনও সুবিধা করতে না পেরে মার্কিন পররাষ্ট্র দফতর এসব ভিত্তিহীন ও মূল্যহীন খবর প্রচারের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করে মিশন।
সূত্র: ইরনা
পুরো ভূখণ্ডই আমাদের, পশ্চিম তীর দখলের ডাক ইসরায়েলি মন্ত্রীর
প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়ে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তারপর যা ঘটলো