নাসিমকে গুলির পর একজনকে জাপটে ধরি, অপরজন আমার মাথায় অস্ত্র ধরেছিল

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১৯:৫৭ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২১:১২

চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ)-এর আঞ্চলিক নেতা ও ডজনখানেক মামলার আসামি নাসিমুল গণি ওরফে নাসিমকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক তদন্তে নাসিম হত্যার নেপথ্যে পুরোনো অস্ত্র কেনাবেচার লেনদেন নিয়ে চলমান বিরোধের বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া আরেক আলোচিত চরমপন্থি নেতার ছেলেকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কিনা, তা তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় খুলনায় আবারও চরমপন্থি তৎপরতা সক্রিয় হচ্ছে কিনা, তা-ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে এলাকায় সতর্কতা ও নজরদারি জোরদার করা হয়েছে। যদিও এরই মধ্যে রূপসায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির পাশের একটি দোকানে বসে চা পান করছিলেন মৃত আবদুল গফুরের ছেলে নাসিম। এ সময় একটি ভ্যানে কয়েকজন দুর্বৃত্ত সেখানে আসে। ভ্যান থেকে নেমে তারা নাসিমকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। এর মধ্যে তিনটি গুলি তার মাথায় বিদ্ধ হয়।

নাসিমকে গুলি চালিয়ে হত্যার পর দুর্বৃত্তরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোল্লা হারুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাসিম চা পান করছিলেন। এ সময় লুঙ্গি পরা দুই যুবক ভ্যান থেকে নেমে গুলি করতে করতে দোকানে ঢোকে। তারা নাসিমের মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে। গুলি করার পর আমি একজনকে জাপটে ধরেছিলাম। তখন অপরজন আমার মাথায় অস্ত্র তাক করলে তাকে ছেড়ে দিই। পরে যে ভ্যানে করে হামলাকারীরা এসেছিল, সেটিতে করেই তারা চলে যায়। আমার ধারণা, তাদের একজনের বয়স প্রায় ২৫ এবং অপরজনের বয়স প্রায় ৩০ বছর।’

নিহত নাসিমের স্ত্রী মুক্তা বলেন, ‘গুলির শব্দ শুনে তিনতলা থেকে নিচে নেমে এসে নাসিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে ধরাধরি করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ধারণা, এখানে চরমপন্থি তৎপরতা সক্রিয় হয়েছে। তারাই খুন করেছে।’

এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘নাসিম পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে তৎকালীন সময়ের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা। মামলাগুলো পুরোনো এবং সবগুলোতেই নাসিম জামিনে ছিলেন।’

ওসি বলেন, ‘পুরোনো আমলের অস্ত্র কেনাবেচার লেনদেন নিয়ে চলমান বিরোধের ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া আরেক চরমপন্থি নেতার ছেলেকে হত্যার হুমকি দেওয়ার একটি বিষয়ও পুলিশের নজরে এসেছে। সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি জানান, খবর পেয়ে ৪ অক্টোবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, নাসিমুল গণি চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে। আলোচিত গণেশ হত্যা মামলায় তার ৩২ বছরের কারাদণ্ড এবং একটি অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ রয়েছে। বিএনপি নেতা রিয়াজ শাহেদকে হত্যাচেষ্টা, ফকিরহাটের চেয়ারম্যান জাহিদ হোসেন হত্যা, হুজি শহীদ, মারজান মুন্না ও ইকবাল হুজুর হত্যা মামলারও আসামি ছিলেন নাসিম।

২০০২ সালে গণেশ হত্যা মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে টানা ২১ বছর ছদ্মবেশে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন নাসিম। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম গ্রেফতার হন। পরে জামিন পান। ২০২৫ সালের ১৮ জুন দিঘলিয়া থানা পুলিশ তাকে আবার গ্রেফতার করে। তবে থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এর চার দিন পর ২২ জুন খুলনার মুজগুন্নি পার্ক এলাকার একটি ভবন থেকে গোয়েন্দা পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিম নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) দাপুটে নেতা ছিলেন। গোটা খুলনা অঞ্চলকে কেন্দ্র করে তিনি চরমপন্থি কার্যক্রম পরিচালনা করতেন বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি ও অস্ত্র কেনাবেচাসহ এক ডজন মামলা আছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
সর্বশেষ খবর
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব