বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন উপলক্ষে রবিবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে তার বাসভবন জলসা’র সামনে বসেছিল ভক্তদের মিলনমেলা। প্রিয় অভিনেতার জন্মদিন উদযাপনে ভক্তরা ব্যানার, গান ও নাচে মেতে ওঠেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জনপ্রিয় এই তারকাকে একনজর দেখতে জলসার সামনে জড়ো হন হাজারো অনুরাগী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভক্তরা অমিতাভ বচ্চনের জনপ্রিয় গানগুলো গাইছেন এবং তার বিখ্যাত সব লুক অনুকরণ করছেন। এক ভক্তকে ১৯৭৮ সালের ব্যবসাসফল সিনেমা ‘ডন’-এর পোশাক পরে ‘মে হু ডন’ গানটি গাইতে দেখা যায়। ৮৪ সংখ্যাটি লেখা একটি বড় পোস্টার হাতে নিয়ে সেই ভক্ত নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছিলেন এবং অন্যান্য ভক্তরাও তার সঙ্গে যোগ দেন।
জনতার মাঝে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্য একটি ভিডিওতে ভক্তদের অমিতাভ ও তার পরিবারের ছবি সংবলিত একটি বিশাল পোস্টার হাতে পোজ দিতে দেখা গেছে। আশি পেরিয়ে জীবনের নবম দশকে পা রাখার পরও অনুরাগী মহল থেকে কতটা ভালোবাসা পান, এই উদযাপন তারই প্রমাণ দেয়।
বিগত কয়েক দশক ধরে ভারতীয় সংস্কৃতি ও চলচ্চিত্র জগতে অমিতাভের উপস্থিতি অনন্য। তাই এই বার্ষিক সমাবেশ শুধু জন্মদিন পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারকা ও ভক্তদের এক বিশেষ ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছর ১১ অক্টোবর ছাড়াও প্রতি রবিবার মুম্বাইয়ের বাইরে থেকেও অনেক ভক্ত তার বাসভবনের সামনে এসে ভিড় জমান। অমিতাভও প্রায়ই খালি পায়ে হেঁটে এসে বাড়ি থেকে বের হয়ে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। খালি পায়ে ভক্তদের সামনে আসার কারণ হিসেবে এর আগে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ভক্তদের সম্মান জানানো তার কাছে মন্দিরে যাওয়ার মতো পবিত্র একটি বিষয়।
১৯৪২ সালের ১১ অক্টোবর জন্মগ্রহণকারী অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ। অ্যাংরি ইয়ং ম্যান হিসেবে পরিচিতি পাওয়ার পর থেকে ক্যারিয়ারের দীর্ঘ সময়জুড়ে নতুন প্রজন্মের কাছেও তিনি একইভাবে জনপ্রিয়।
বর্তমানে তিনি জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর উপস্থাপনা করছেন। এ ছাড়া আগামীতে তাকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে অশ্বত্থামার চরিত্রে পুনরায় অভিনয় করতে দেখা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’