সকালে ঘুম থেকে বেরিয়ে দেখলেন, বাড়ির সামনের রাস্তায় জমে আছে ময়লা-আবর্জনা। কোথাও আবার ড্রেনের পানি উপচে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দুর্গন্ধ আর ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। বাসায় ময়লা জমে যাচ্ছে অথচ পরিচ্ছন্ন কর্মী আসছেন না নিতে- এসব সমস্যা জানাতে সিটি করপোরেশনের দফতরে ছুটতে হবে, এমন ধারণা এখন বদলে যাচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনের নাগরিকদের হাতের মুঠোয় অভিযোগ জানানোর সুযোগ করে দিতে এসেছে ক্লিন কেয়ার অ্যাপ।
সিটি করপোরেশন এলাকায় ময়লা-আবর্জনা ও পরিচ্ছন্নতাসংক্রান্ত সমস্যা জানাতে ব্যবহার করা যাবে ক্লিন কেয়ার অ্যাপ। বাড়ি থেকে ময়লা সংগ্রহ না করা, রাস্তায় আবর্জনা জমে থাকা কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অ্যাপটির মাধ্যমে জানানো যাবে।
এ জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ক্লিন কেয়ার অ্যাপটি ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর সমস্যার একটি স্পষ্ট ছবি তুলে সংশ্লিষ্ট ওয়ার্ড বা এলাকার তথ্য যুক্ত করে সাবমিট বাটনে চাপ দিলেই অভিযোগ জমা দেওয়া যাবে।
অ্যাপটির অন্যতম সুবিধা হলো, অভিযোগ জমা দেওয়ার পর সেটির বর্তমান অবস্থা জানার সুযোগ রয়েছে। পাশাপাশি অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকায় সমস্যার সমাধান প্রক্রিয়া সহজ হতে পারে। সমস্যার সমাধান হলে সেবার বিষয়ে নিজের সন্তুষ্টি জানানো ও রেটিং দেওয়ার সুযোগও থাকছে অ্যাপটিতে।
পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়, এতে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতাসংক্রান্ত সমস্যা যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং নিজের আশপাশ পরিষ্কার রাখতে সচেতন হওয়া দুটিই সুন্দর নগরজীবনের অংশ।
অফিসে না গিয়েও ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ কাজে লাগিয়ে নাগরিকেরা পরিচ্ছন্নতা কার্যক্রমে ভূমিকা রাখতে পারেন। রোগবালাইমুক্ত ও বাসযোগ্য শহর গড়তে তাই নিজের এলাকার সমস্যা চিহ্নিত করে তা জানানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতেও সচেতন হওয়া জরুরি।
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইন্টারনেট গভর্ন্যান্স: শুরু ২১তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম