প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ইউসুফ আলীকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে এই পদায়ন আদেশের বিষয়ে প্রশাসনের কোনও কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই ঘটনার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়েও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম রূপস (রহ.) বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ধারণ করা একটি ভিডিওতে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিতে এবং এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রত্যাহার হওয়া বিভাগীয় কমিশনার ইউসুফ আলী মঙ্গলবার রাত ১১টার দিকে দায়িত্ব ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
ইউসুফ আলী গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বিভাগীয় কমিশনার হিসেবে তিনি বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপন জারির পর রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।