তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২২ অক্টোবর ২০২৬, ১৩:৪৪ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৩:৪৪

মুক্তির এক মাসের মধ্যেই, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী মিউজের কথোপকথন শেয়ার করার সুবিধা সাময়িকভাবে বন্ধ করতে হলো মেটার। ব্যবহারকারীদের শেয়ার করা কথোপকথনের লিংক সহজেই খুঁজে বের করে সেগুলোতে প্রবেশ করা সম্ভব, নিরাপত্তা গবেষকদের এমন তথ্য প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারোকের গবেষকেরা মিউজের শেয়ার করা কথোপকথনের ৬ হাজার ৮০০টির বেশি ওয়েব ঠিকানা খুঁজে পেয়েছেন। এসব লিংক শনাক্ত করতে তারা পাবলিক ডিএনএস (ডোমেইন নেম সিস্টেম) রেকর্ড ব্যবহার করেন। সাধারণত ইন্টারনেটে ডোমেইন নামের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানা শনাক্ত করতে ডিএনএস ব্যবহৃত হয়। এর পুরোনো রেকর্ড সংরক্ষণকারী প্যাসিভ ডিএনএস ব্যবস্থার মাধ্যমে আগে ব্যবহৃত ওয়েব ঠিকানাও খুঁজে পাওয়া সম্ভব।

মিউজের শেয়ারিং লিংক তৈরির পদ্ধতিতেই মূল সমস্যাটি ছিলো। ব্যবহারকারীরা কোনও কথোপকথন শেয়ার করলে সেটির শিরোনাম ব্যবহার করে ওয়েব ঠিকানা তৈরি হতো। এসব ঠিকানা পাবলিক ডিএনএস রেকর্ডে সংরক্ষিত থাকায় গবেষকেরা সহজেই হাজার হাজার শেয়ারিং লিংক খুঁজে বের করতে পেরেছেন। ফলে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে শেয়ার করা কথোপকথনও অন্যদের নাগালে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল।

গবেষকেরা কয়েকশ লিংক পরীক্ষা করে বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক সংবেদনশীল তথ্য খুঁজে পান। এসব তথ্যের মধ্যে ছিল ছোট ব্যবসার ঋণের আবেদন, প্রতিষ্ঠানের আয়-সংক্রান্ত অভ্যন্তরীণ পর্যালোচনা, ব্যাংক জালিয়াতির সতর্কবার্তার আংশিক বিবরণ এবং কর্মীদের ছুটির সময়সূচি। কিছু কথোপকথনে সম্পত্তির ঠিকানা, আয় ও ঋণের হিসাবের মতো গোপনীয় তথ্যও পাওয়া যায়।

মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন জানিয়েছেন, প্রতিবেদনটি পর্যালোচনা এবং শেয়ারিং লিংক কীভাবে খুঁজে পাওয়া যায়, তা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে গিয়ে সুবিধাটি স্থগিত করা হয়েছে। গবেষকদের তথ্য প্রকাশের পর ২০ অক্টোবর পুনরায় পরীক্ষা করা ৪০টি লিংকের কোনোটিই আর খোলা যায়নি বলে ক্ল্যারোক জানিয়েছে। তবে পুরোনো ডিএনএস রেকর্ডে কথোপকথনের শিরোনাম থেকে যাওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে রয়েছে।

ঘটনাটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীতে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ব্যবহারের ঝুঁকি আবারও সামনে এনেছে। কোনও কথোপকথন শেয়ার করার সময় সেটি কেবল নির্দিষ্ট ব্যক্তিরাই দেখতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। তাই ব্যক্তিগত, আর্থিক বা প্রতিষ্ঠানের গোপনীয় তথ্যযুক্ত কথোপকথন শেয়ার করার আগে সংশ্লিষ্ট সেবার গোপনীয়তা নীতি ও শেয়ারিং লিংকের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

/এএস/ 
সম্পর্কিত
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় চার লাখ টাকা দিবে এক্স, নেই ফলোয়ারের শর্ত
ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের
সর্বশেষ খবর
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’