টানা চার ম্যাচের হতাশা পেছনে ফেলে অবশেষে পয়েন্টের দেখা পেলো বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পুল পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে আশরাফুল ইসলামের দল।
ভারতীয় শহর জালন্ধরে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল করে এগিয়ে যায় চীন। শুরুতেই পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি বাংলাদেশ। বরং পুরো ম্যাচে লড়াই চালিয়ে সমতায় ফেরার চেষ্টা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেই চেষ্টার সুফল মেলে তৃতীয় কোয়ার্টারে। পেনাল্টি স্ট্রোক পেয়ে যায় বাংলাদেশ। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক আশরাফুল ইসলাম। তার গোলে সমতায় ফেরে দল। এরপর বাকি সময় চীনের আক্রমণ সামলে রেখে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। ফলে পুল পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে এই ড্র কিছুটা হলেও স্বস্তি হয়ে এসেছে দলের জন্য। টানা চার হারের পর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে অন্তত একটি পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ।