আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই

গত ৬ নভেম্বর আমার তিন সহকর্মী একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কাজে ঢাকার উপকণ্ঠে টঙ্গীর হাজি মাজার বস্তিতে যান। সেখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলা মাদকের অবৈধ ব্যবসার চিত্র তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু তারা জানতেন না, বস্তির গলিতে তাদের প্রবেশের দৃশ্য মাদক কারবারিদের পরিচালিত অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্কে সরাসরি ধারণ করা হচ্ছে। সেখানে গিয়ে তারা দেখতে পান, দিনের আলোতেই সব ধরনের মাদকের রমরমা বেচাকেনা চলছে। অথচ রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেন এ নিয়ে কোনো মাথাব্যথাই নেই।

প্রকাশ্যে চলা এই মাদক কারবারের অনুসন্ধান করতে গিয়ে আমার তিন সহকর্মী ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দলের অতর্কিত হামলার শিকার হন। ঢাকা ট্রিবিউনের এই সাংবাদিকদের ওপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। তিন ঘণ্টা আটকে রেখে তাদের মারধর করা হয়, বন্দুকের মুখে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নেওয়া হয়।

এই বর্বর হামলার পর এখন পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। অবশ্য এর চেয়ে বেশি কিছু ঘটবে, এমন প্রত্যাশাও আমাদের ছিল না। যা হয়েছে, তা হলো—আমাদের পত্রিকায় মাদক কারবারের প্রকৃত চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ, থানায় অভিযোগ দায়ের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযান চালানো ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর আশ্বাস।

হামলায় গুরুতর আহত এবং মানসিকভাবে বিপর্যস্ত তিন সহকর্মী এখনও চিকিৎসাধীন। তাদের একজনের মাথা ঘোরা এবং শ্রবণশক্তির সমস্যাও রয়ে গেছে।

পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, গত শুক্রবার ঢাকা ট্রিবিউনের সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি হাজি মাজার বস্তিতে সংঘটিত এই ধরনের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। তবে এটিই প্রথম নয়। সম্প্রতি আরও দুটি জাতীয় দৈনিকের সাংবাদিকও একই সন্ত্রাসী গোষ্ঠীর হামলার শিকার হয়েছেন।

এই এলাকাতেই সর্বশেষ দেখা গিয়েছিল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাওরিকে। পরে তার মর্মান্তিক মৃত্যু হয়। ২০২৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরা এলাকায় পরিবারের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন দুপুরে টঙ্গী নদী পুলিশ তুরাগ নদে রাজাবাড়ী ঘাটের কাছে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা আইফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

আমার জানামতে, তার মরদেহ উদ্ধারের পর এবং বস্তার কাছ থেকে তার মোটরসাইকেলটি খুঁজে পাওয়ার পরও এই কুখ্যাত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিতে কোনো সরকারি অভিযান চালানো হয়নি। অবশ্য আমার এই ধারণা ভুলও হতে পারে।

এ কথা লিখে আমি বোঝাতে চাইছি না যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো অপরাধীদের আস্তানায় অভিযান চালায় না। তারা অভিযান চালায়। আবার যখন তারা ব্যর্থ হয়, তখনই আমরা সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মতো ঘটনার মুখোমুখি হই। সম্প্রতি তিনি নিজেই এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নেমেছিলেন। শেষ পর্যন্ত এর খেসারত হিসেবে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে।

কোনো বিবেকবান মানুষই চাইবেন না, একজন সরকারি দায়িত্বশীল ব্যক্তি অস্ত্র হাতে মাদক কারবারিদের ধাওয়া করুন। কিন্তু সরকারি সমন্বয় সভায় একের পর এক অভিযোগ জানিয়েও যখন কোনো প্রতিকার মেলে না, পুলিশ যখন মানুষের ন্যূনতম প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তখন তার হতাশার কারণটি নিশ্চয়ই বোঝা যায়।

ইশরাকের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যর্থতারই স্পষ্ট ইঙ্গিত। নাগরিকেরা কেবল তাদের নির্বাচিত সরকারের কাছে নিজেদের এলাকা ক্রমবর্ধমান মাদক কারবারের নেটওয়ার্ক থেকে মুক্ত করার দাবি জানান। অথচ সেই সাধারণ প্রত্যাশাটুকুও পূরণ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাজি মাজার বস্তির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সুবিচার করতে হলে এটাও বলতে হবে, সাম্প্রতিক সময়ে সেখানে কয়েক দফা বিশেষ অভিযান চালানো হয়েছে। চলতি বছরের মে মাসে পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করে। একই সঙ্গে সেখানে মাটির নিচে লুকানো শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল একটি মাদকের আস্তানার সন্ধান পায়, যেখানে পালিয়ে যাওয়ার জন্য গোপন সুড়ঙ্গও ছিল।

এর দুই মাস পর আরও ৪২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় হেরোইন ও ইয়াবা। মাদক কারবারে ব্যবহৃত হয়—এমন সন্দেহে প্রায় ৩০০টি কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর আগস্টে উচ্ছেদ অভিযান চালিয়ে মাদকের আস্তানা হিসেবে ব্যবহৃত প্রায় ১০০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একই এলাকায় বারবার অভিযান চালানোর পরও কীভাবে এই চক্র ফিরে আসে? কীভাবে একই জায়গায় আবারও বিস্তৃত মাদক ব্যবসা চালু করে?

এর উত্তর খুঁজতে হলে বাংলাদেশের বিকাশমান রাজনৈতিক অর্থনীতির দিকে তাকাতে হবে। এখানে অবৈধ ব্যবসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে পড়লেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দ্রুত তাদের রক্ষায় এগিয়ে আসে।

অভিযোগের শেষ নেই—রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতায় যে দলই থাকুক না কেন, মাদক সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সক্রিয় কারবারিরা রাজনৈতিক দুই পক্ষেরই প্রয়োজনীয় আশ্রয়-প্রশ্রয় পেয়ে থাকে। এই রাজনৈতিক সুরক্ষাই তাদের এমন দুঃসাহসী করে তোলে যে, তাদের অপকর্মের খবর প্রকাশ করতে গেলে সাংবাদিকদের ভয় দেখাতে, আতঙ্ক ছড়াতে, এমনকি সহিংস হামলা চালাতেও তারা পিছপা হয় না।

কিন্তু প্রশ্ন হলো, মাদকের এই ভয়াবহ বিস্তার তুলে ধরতে সংবাদমাধ্যম এতটা মরিয়া কেন? উত্তর খুব সহজ—এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।

এই দেশে আমরা এখন ভয়াবহ ঝুঁকির মধ্যে বসবাস করছি। পুলিশের নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোই যদি বিবেচনায় নিই, তাহলে দেখা যাবে, মাদকাসক্তদের হাতে কেউ না কেউ প্রতিদিন খুন বা আহত হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের শিকার হচ্ছেন পরিবারের সদস্যরা, যারা মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি জানান, কিংবা প্রতিবেশীরা, যারা মাদকাসক্তদের থামানোর চেষ্টা করেন। মাদকের এই বিস্তৃত বাজারের লাগাম টেনে ধরতে আমরা সবাই ব্যর্থ হলে একসময় এর থাবা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনোভাবে এসে পড়বে।

ঢাকার কোন কোন এলাকায় সহজেই মাদক পাওয়া যায়, সেসব জায়গার নাম আমি উল্লেখ করবো না। মাদক কেনার জন্য প্রয়োজন শুধু নেশা করার তাগিদ, পকেটে টাকা এবং কোথায় বিক্রি হয়, সেই তথ্য।

সংবাদমাধ্যমে এখন এসব মাদকের হটস্পট এবং সেখানে অবাধে চলা কারবার নিয়ে প্রতিদিনই খবর প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগেই এমন একটি খবর পড়লাম। কক্সবাজার থেকে ৩০ লাখ ইয়াবা নিয়ে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল গত ১৭ আগস্ট। চট্টগ্রামে এক দিন অবস্থানের পর গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে এগোতে থাকে। পরে কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের হাতে গাড়িটি আটক হয়।

প্রতিবেদন অনুযায়ী, এর আগের পাঁচ মাসে কক্সবাজার সীমান্ত দিয়ে আসা ইয়াবার ছয়টি বড় চালানে প্রায় ২৭ লাখ বড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি চালানের গন্তব্য ছিল ঢাকা। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে এসব মাদক দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, সীমান্ত দিয়ে দেশে ঢোকা মাদকের বড় চালানগুলো এখন প্রথমে মহানগরগুলোতে নেওয়া হচ্ছে। সেখান থেকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

একই সময়ে দেশের আটটি বড় শহর—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট—নিজেদের মধ্যেই বিশাল মাদকের বাজারে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ এসব শহরের বিপুল জনসংখ্যার ঘনত্ব।

আদালতে বিচারাধীন মামলার তথ্যেও শহরাঞ্চলে মাদকের বিস্তারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশের এই আট মহানগরে পাঁচ বছর বা তার বেশি মেয়াদের সাজা হতে পারে, এমন গুরুতর মাদকসংক্রান্ত ৪৭ হাজার ৯৪৮টি মামলা বিচারাধীন। সারা দেশে এ ধরনের বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৩৩। অর্থাৎ দেশের গুরুতর মাদক মামলার প্রায় ২৯ শতাংশই আটটি মহানগরে কেন্দ্রীভূত।

উচ্চপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণের আগে সংক্ষেপে ফিরে দেখা যাক, কীভাবে বাংলাদেশ মাদকের এমন সর্বব্যাপী বিস্তারের মুখে এসে দাঁড়াল।

মনে করুন ২০১৮ সালের কথা। সে সময় তৎকালীন সরকার দেশজুড়ে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরু করেছিল। প্রায় একই সময়ে নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের তীব্র বিরোধিতা উপেক্ষা করে কার্যকর করা হয়েছিল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন। পরবর্তী দুই বছরে বাংলাদেশে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ৫০০ থেকে ১ হাজার মানুষের মৃত্যু হয়।

এরপর ২০২০ সালে মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত অর্থ পেতেন—এমন অভিযোগ ওঠা কয়েকজন পুলিশ সদস্যের হাতে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হন। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে সরকার এমন একটি পদক্ষেপ নিতে বাধ্য হয়, যা সমসাময়িক বিশ্ব ইতিহাসে প্রায় নজিরবিহীন। কক্সবাজার জেলার পুরো পুলিশ বাহিনী প্রত্যাহার করে নতুন করে সেখানে পুলিশ সদস্যদের পদায়ন করা হয়। ওই বাহিনীতে সদস্যসংখ্যা ছিল ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ জন।

সময়ের হিসাবে এবার ২০২৬ সালে আসা যাক। চলতি বছরের আগস্টে কক্সবাজারেরই সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন, সীমান্ত দিয়ে আসা ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এবং এর কারণে তরুণদের একটি বড় অংশ ধ্বংসের মুখে পড়ছে। মাদক চোরাচালান বন্ধ ও নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে শীর্ষ মাদক কারবারিদের একটি ‘নিরপেক্ষ তালিকা’ তৈরির কথাও তিনি জানান।

২০১০-এর দশকের শেষ দিকে দেশজুড়ে কথিত বন্দুকযুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু, একটি জেলার পুরো পুলিশ বাহিনী প্রত্যাহার এবং গেন্ডারিয়ার ঘুন্টিঘর (ইশরাক হোসেনের অভিযানের পর পরিচিতি পাওয়া এলাকা) থেকে টঙ্গীর হাজি মাজার বস্তি পর্যন্ত মাদক কারবারের অবাধ বিস্তার—সব ঘটনা একসঙ্গে বিবেচনা করলে একটি চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

এটি এমন এক চক্র, যেখানে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয় দায়সারাভাবে, বারবার দেওয়া হয় ফাঁকা আশ্বাস, আর মাদক ব্যবসার বিপুল অর্থের ভাগ পায় একশ্রেণির রাজনীতিক। ধীরে ধীরে, নিশ্চিতভাবেই এবং ভয়ংকরভাবে এই নেটওয়ার্ক মাকড়সার জালের মতো গোটা দেশকে গ্রাস করে নিচ্ছে।

এখন সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে—আমরা কি সত্যিই মাদকের এই ভয়াল থাবা থেকে নিজেদের মুক্ত করতে চাই, নাকি আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকব?

লেখক: সম্পাদক, ঢাকা ট্রিবিউন