একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে

নাই সান লুইন ইউরোপে বসবাসরত রোহিঙ্গা ডায়াসপোরা নেতা এবং আরকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের কো-চেয়ার। হেগে যাচ্ছেন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। তার অপেক্ষা এমন একটি শব্দ শোনার, যার জন্য রোহিঙ্গারা বহু বছর ধরে অপেক্ষা করছেন, ‘গণহত্যা’। অন্যদিকে, কক্সবাজারের শরণার্থীশিবিরে একই রায় বড় পর্দায় সরাসরি দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা। সংগঠনটির প্রথম সভাপতি সৈয়দুল্লাহ জানিয়েছেন, হাজারো মানুষের জন্য এই আয়োজন করা হচ্ছে। তবে রায় নিয়ে আগাম উচ্ছ্বাস নেই তার। বিচারকেরা কথা বলার পর সরকারগুলো কী করবে, সেটিই তার মূল প্রশ্ন।

১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় ঘোষণার কথা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)। সাত বছর আগে গাম্বিয়া যে মামলা করেছিল, তাতে আদালত নির্ধারণ করবেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের জন্য মিয়ানমার ‘গণহত্যা’ সনদের অধীনে দায়ী কি না। মামলার কেন্দ্রে থাকা ২০১৭ সালের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। তারা এখনো শরণার্থীশিবিরে ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।

‘আমরা আশা করছি, আদালত একে গণহত্যা হিসেবে ঘোষণা করবেন’, বলেন আরকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের কো-চেয়ার নাই সান লুইন। তার ভাষায়, রোহিঙ্গারা স্বজন হারিয়েছেন; নারীরা ধর্ষণের শিকার হয়েছেন, শিশুদের হত্যা করা হয়েছে, গ্রাম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এসবের জন্য তিনি ক্ষতিপূরণও চান। তবে তার প্রত্যাশা শুধু ক্ষতিপূরণে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ‘মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী হিসেবে এবং দেশটির নাগরিক হিসেবে আমাদের পূর্ণ অধিকার ফিরে পাওয়া ও মর্যাদা পুনরুদ্ধারের নতুন আশা তৈরি হবে।’

রায়ে গণহত্যার স্বীকৃতি কতটা গুরুত্বপূর্ণ

রোহিঙ্গাদের জন্য বড় স্বীকৃতি হবে, যদি আদালত রায়ের ভাষায় স্পষ্ট করেন যে তাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। একই সঙ্গে তারা মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী এবং দেশটির নাগরিক হিসেবে সমান অধিকার পাওয়ার দাবিদার; এ বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তবে গণহত্যার স্বীকৃতি, রোহিঙ্গাদের নাগরিকত্বের দাবি স্বীকার করা, নাগরিকত্ব পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া এবং প্রত্যেক রোহিঙ্গার নাগরিকত্বের আইনি মর্যাদা নির্ধারণ করা; এগুলো আলাদা বিষয়। আইসিজের সামনে মামলাটি গণহত্যা সনদের অধীনে; মিয়ানমারের নাগরিকত্ব আইন নিয়ে এটি আলাদা কোনো মামলা নয়।

তারপরও আদালত যদি নাগরিকত্ব থেকে বঞ্চিত করার বিষয়টি তার যুক্তি বা নির্দেশিত কোনো প্রতিকারে গুরুত্ব দেন, তাহলে প্রত্যাবাসন আলোচনায় একটি মৌলিক প্রশ্ন সামনে আসবে: রোহিঙ্গারা কি শুধু মিয়ানমারে প্রবেশের অনুমতি পাবেন, নাকি সেখানে নাগরিকের অধিকার নিয়ে বসবাস করতে পারবেন?

গাম্বিয়ার অভিযোগ ও আদালতের বিচার

গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি করে। দেশটির অভিযোগ, রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্যে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে হত্যা ও ধর্ষণ চালিয়েছে এবং গ্রাম পুড়িয়ে দিয়েছে। মামলার কেন্দ্রে রয়েছে এই বিশেষ উদ্দেশ্যের প্রশ্ন। ব্যাপক নৃশংসতার প্রমাণ থাকলেই গণহত্যা সনদের অধীনে গণহত্যা প্রমাণিত হয় না। সুরক্ষিত জনগোষ্ঠীটিকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার লক্ষ্য ছিল—সেটিও প্রতিষ্ঠা করতে হয়।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) জবাবদিহির এই উদ্যোগকে সমর্থন দিয়েছিল। সংশ্লিষ্ট ওআইসি কমিটির নেতৃত্বেও ছিল গাম্বিয়া। তবে গাম্বিয়া নিজের নামেই মামলা করেছে। অর্থাৎ, মামলার বাদী গাম্বিয়া, ওআইসি নয়।

মামলা করতে গাম্বিয়াকে দেখাতে হয়নি যে দেশটি নিজে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাম্বিয়া ও মিয়ানমার উভয়েই ১৯৪৮ সালের গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ। সনদের ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, গণহত্যার জন্য কোনো রাষ্ট্রের দায়সহ সনদসংক্রান্ত বিরোধ আইসিজেতে তোলা যায়।

২০২২ সালে আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দেন। আদালত বলেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার বিষয়ে সনদের সব পক্ষের অভিন্ন স্বার্থ রয়েছে। সেই ভিত্তিতে গাম্বিয়া মামলা করতে পারে। তবে সেদিন আদালত মামলার গ্রহণযোগ্যতার প্রশ্নে সিদ্ধান্ত দিয়েছিলেন, গণহত্যার অভিযোগের সত্যতা নিয়ে নয়।

গাম্বিয়া চেয়েছে, আদালত সনদ লঙ্ঘনের বিষয়ে সিদ্ধান্ত দিন এবং মিয়ানমারকে চলমান লঙ্ঘন বন্ধ, পুনরাবৃত্তি রোধ ও ক্ষতিগ্রস্তদের প্রতিকার দেওয়ার নির্দেশ দিন। এগুলো গাম্বিয়ার আবেদন। আদালত কী নির্দেশ দেবেন, তা জানা যাবে রায় ঘোষণার পর।

এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি। আইসিজে বিচার করছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়, কোনো সামরিক কর্মকর্তার ব্যক্তিগত অপরাধ নয়। আলাদা একটি কার্যধারায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি ২০২৪ সালের নভেম্বরে নির্বাসন ও নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন। সেটি ছিল পরোয়ানার আবেদন, পরোয়ানা জারির সিদ্ধান্ত নয়।

রাখাইনে নতুন ‘ড্রাগন কিং’ অপারেশনের আশঙ্কা?

বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকটের শুরু ২০১৭ সালে নয়। স্বাধীনতার পর ১৯৭৮ সালে মিয়ানমারের ‘অপারেশন নাগা মিন’ বা ‘ড্রাগন কিং’ অভিযানের সময় প্রায় দুই লাখ রোহিঙ্গা কক্সবাজার অঞ্চলে আশ্রয় নেন। ১৯৯১–৯২ সালেও বড় আকারে রোহিঙ্গারা বাংলাদেশে আসেন। ২০১২ সালের সহিংসতায় রাখাইনের ভেতরে বহু রোহিঙ্গা বাস্তুচ্যুত হন। ২০১৬ সালে নতুন করে সামরিক অভিযানের পর আরও মানুষ সীমান্ত পেরিয়ে আসেন। সবচেয়ে বড় ঢল নামে ২০১৭ সালে। বাংলাদেশ এখন দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে।

রাখাইনে নিরাপত্তার প্রশ্নটিও এখন আর শুধু মিয়ানমারের সামরিক বাহিনীকে ঘিরে নেই। রাখাইনে চলমান গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর আরও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে।

এসব ঘটনা গাম্বিয়ার মামলার কেন্দ্রে থাকা সামরিক অভিযান থেকে আলাদা। কিন্তু আজ কোনো পরিবার নিজ গ্রামে ফিরতে পারবে কি না, সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কি না, কিংবা আবারও পালাতে বাধ্য হবে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে রাখাইনের বর্তমান পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে।

সৈয়দুল্লাহর সংশয় ঠিক এখানেই। ‘আমরা উচ্ছ্বসিত নই; আমরা হতাশ’, বলেন তিনি। গত বছর জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক ও কক্সবাজারের টেকওয়ে কনফারেন্সের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ থেকে কোনো সমাধান আসতে দেখেননি। তার মতে, রায় দেশে ফেরার আলোচনায় নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে তার প্রশ্ন, ‘এই রায় কার্যকর করার কোনো ব্যবস্থা কি জাতিসংঘের আছে?’

রায়ের পর বাংলাদেশের করণীয়

মিয়ানমারের কারণে বাংলাদেশ বছরের পর বছর ভুক্তভোগী হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে হয়েছে, সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে হয়েছে। কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ এখনো কার্যকরভাবে স্পষ্ট অবস্থান নিতে পারেনি। রোহিঙ্গাদের অধিকার ও পূর্ণ নাগরিকত্ব নিয়ে দেশে ফেরার প্রশ্নেও বাংলাদেশের অবস্থানে ঘাটতি রয়েছে।

এর ফলে মিয়ানমারের প্রতিটি রাজনৈতিক পালাবদলের পরও বাংলাদেশ আলোচনার অংশ হতে ব্যর্থ হয়েছে। বারবার নির্ভর করতে হয়েছে লবিং বা নির্ভরশীল কূটনীতির ওপর। এই অবস্থার পরিবর্তন জরুরি। রায়ের পর বাংলাদেশের সামনে অন্তত তিনটি করণীয় রয়েছে।

প্রথমত, আদালতের সিদ্ধান্ত ও বাংলাদেশের কূটনৈতিক দাবিকে আলাদা করে দেখতে হবে। মিয়ানমারকে কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলে গাম্বিয়ার সঙ্গে সমন্বয় করে ঢাকা জাতিসংঘে সেই নির্দেশ পালনের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার দাবি তুলতে পারে।

মিয়ানমার রায়ের কোনো বাধ্যবাধকতা না মানলে জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী গাম্বিয়া নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। বাংলাদেশ মামলার পক্ষ নয়, তাই ওই ধারায় নিজে আবেদন করতে পারবে না। তবে গাম্বিয়ার উদ্যোগের পক্ষে সমর্থন গড়ে তুলতে পারে। নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে বাধ্য নয়। কোনো স্থায়ী সদস্যের ভেটো পরিষদের পদক্ষেপ আটকে দিতে পারে, কিন্তু মিয়ানমারের আইনি বাধ্যবাধকতা মুছে দিতে পারে না।

দ্বিতীয়ত, প্রত্যাবাসন আলোচনায় নাগরিকত্বের প্রশ্নকে পাশ কাটিয়ে শুধু তালিকা ও তারিখ নিয়ে দর-কষাকষি করা যাবে না। মিয়ানমার, আসিয়ান ও জাতিসংঘের সঙ্গে আলোচনায় ঢাকাকে সুনির্দিষ্ট উত্তর চাইতে হবে: রোহিঙ্গারা কোথায় ফিরবেন? তাদের নাগরিকত্ব ও নাগরিক অধিকার নিশ্চিত করার কী ব্যবস্থা থাকবে? তারা স্বাধীনভাবে চলাচল করতে পারবেন কি? ফেরার আগে ও পরে স্বাধীন পর্যবেক্ষকেরা ওই এলাকায় যেতে পারবেন কি?

এসব শর্ত নির্ধারণের আলোচনায় রোহিঙ্গা প্রতিনিধিদের সরাসরি অংশগ্রহণ থাকতে হবে। প্রতিটি পরিবারকে যাচাই করা তথ্যের ভিত্তিতে, কোনো চাপ ছাড়াই, ফেরার প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যানের সুযোগ দিতে হবে। রায়ের ফল যা-ই হোক, রাখাইন নিরাপদ কি না, তার প্রমাণ আসতে হবে রাখাইন থেকেই।

তৃতীয়ত, আন্তর্জাতিক মনোযোগকে দীর্ঘমেয়াদি সহায়তায় রূপ দিতে হবে। ২০২৬ সালে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘ ও তার অংশীদারেরা ৭১ কোটি ৫ লাখ ডলারের সহায়তা চেয়েছে। ঢাকার উচিত শিবিরে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা এবং উখিয়া–টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর জনসেবার জন্য বরাদ্দ ও সময়সীমাসহ বহুবছরের অর্থায়ন চাওয়া।

এ জন্য নিরাপত্তা পরিষদের ভোটের অপেক্ষা করতে হয় না। সহায়তার অভাবে শিবিরে থাকা অসহনীয় হয়ে উঠলে সেই পরিস্থিতিতে দেশে ফেরার সম্মতি কতটা স্বেচ্ছায় দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন থাকবে।

নাই সান লুইন চান, আদালত রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে, তাকে গণহত্যা বলুক। সৈয়দুল্লাহ জানতে চান, গণহত্যার স্বীকৃতির পর সরকারগুলো কী করবে। কক্সবাজারের শরণার্থীশিবিরে বড় পর্দায় প্রথম প্রশ্নের উত্তর শোনা যাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে আদালতের বাইরে—মিয়ানমার রায় মানছে কি না, বাংলাদেশ ও তার অংশীদারেরা ফেরার শর্ত নিয়ে কী অর্জন করছে এবং রোহিঙ্গারা নিজ দেশে নাগরিকের অধিকার নিয়ে ফিরতে পারবেন বলে আস্থা পাচ্ছেন কি না, তার মধ্য দিয়ে।

লেখক: সাংবাদিক