ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরী নিহত

মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাহিদ মোল্লা (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মহম্মদপুরের বিনোদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তারক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

সাহিদ বিনোদপুর বাজার বণিক সমিতির নৈশপ্রহরী ছিলেন।  তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামের মো: বারিক মোল্যার ছেলে ।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস জানান, মাগুরা-মহম্মদপুর সড়কের পাশে বিনোদপুর বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন সাহিদ। ভোর ৪টার দিকে বাজারের চৌরাস্তায় একটি দোকানে বসেছিলেন তিনি। মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি ট্রাক সাহিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহম্মদপুর  থানার ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।