দক্ষিণপূর্ব ইউরোপের দেশ কসোভোতে সন্ধান পাওয়া নতুন প্রজাতির একটি পতঙ্গের নাম রাখা হয়েছে করোনাভাইরাস। কোভিড ১৯ মহামারির নামানুসারে ক্ষুদে ক্যাডিসফ্লাইটির (মাছি জাতীয় পতঙ্গ) এমন নামকরণ করেছেন বিজ্ঞানীরা। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রোটিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হালিল ইব্রাহিমির নেতৃত্বে একটি দল কসোভোর বজেশকেট ই নিউমুনা জাতীয় উদ্যানের কাছে পটামোফিল্যাক্স প্রজাতির পতঙ্গটি সংগ্রহ করেন। মলিকুলার এবং মরফোলজিকাল বিশ্লেষণের পর এটিকে ক্যাডিসফ্লাই প্রজাতি হিসাবে বর্ণনা করা হয়। পিয়ার-রিভিউড বায়োডাইভারসিটি ডেটা জার্নালে বিজ্ঞানের নতুন তথ্য হিসেবে এটি সংযোজন করা হয়েছে।
কয়েক বছর আগে কসোভোর লম্বারদী আই ডেকানিত নদীর তলদেশ থেকে পতঙ্গটি সংগ্রহ করা হয়েছিল। সার্স-কোভ-২ দ্বারা সৃষ্ট বৈশ্বিক মহামারির মধ্যেই নতুন এই প্রজাতিটির কথা সামনে আসে। গবেষকরা বলছেন, এই জটিল সময়কালের স্মৃতি ধরে রাখতেই পতঙ্গটির নাম করোনাভাইরাস রাখা হয়েছে।
কসোভোর সাম্প্রতিক দূষণ ও মিঠা পানির প্রাণীদের বিপন্নতার পাশাপাশি সেখানকার জলবিদ্যুৎ প্রকল্পের কারণে সেখানে ‘অন্য একটি নীরব মহামারি’ ঘটে চলেছে। গবেষকরা সেদিকেও দৃষ্টি দিতে চান।
ক্যাডিসফ্লাইটির (মাছি জাতীয় পতঙ্গ) প্রজাতি পানি দূষণ ও বাস্তুপ্রক্রিয়ার অবনতির প্রশ্নে খুবই সংবেদনশীল। সঙ্গত কারণেই পি. করোনাভাইরাসের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। বিজ্ঞানীরা বলছেন, এই সংবেদনশীলতা অনুধাবনে ব্যর্থতা অনেক প্রজাতিকে বিলুপ্তির দিকে ধাবিত করতে পারে।