‘নামাজ পড়ে কবরী চাচির জন্য দোয়া করেছি’

খ্যাতনামা অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সারাহ বেগম কবরী সম্পর্কে শামীম ওসমানের চাচি হন।

এক শোক বার্তায় শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রীই ছিলেন না, পারিবারিকভাবে তিনি আমার অভিভাবকও ছিলেন। তিনি আমার নির্বাচনি এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল।

শামীম ওসমান বলেন, গত ৫/৬ মাস আগে চাচির সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে তার বাসায় যেতে বলেছিলেন। তিনি বলেছিলেন ‘তোমার সঙ্গে আমার কথা আছে’। সেদিন পারিবারিক অনেক কথা, অনেক স্মৃতিচারণ করেন তিনি। তার মৃত্যুর সংবাদে কষ্ট পেয়েছি, কারণ কোভিডের কারণে আমার আর চাচির বাসায় যাওয়া হয়নি। তাই শেষবারের মতো দেখাটাও হলো না। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে কবরী চাচির জন্য দোয়া করেছি। তার মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। 

কবরী চাচির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন শামীম ওসমান।