নির্বাচন ভালো-মন্দ দুটোই হয়েছে: বৈঠকিতে সলিমুল্লাহ খান



সলিমুল্লাহ খানবাংলা ট্রিবিউন বৈঠকিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘নির্বাচন ভালো-মন্দ দুটোই হয়েছে। নির্বাচনের দুটো সত্য এখানে দেখা যায়। একটি হলো, নির্বাচন হয়েছে। আরেকটি হলো, সত্য বলতে গেলে নির্বাচন হয়নি। নির্বাচন শব্দটির অর্থ যদি খেয়াল করেন, নির্বাচনের মানে হচ্ছে মানুষের কথা বন্ধ করা। আমরা যখন যৌবনে পা রেখেছি তখন জিয়াউর রহমান গণভোটের আয়োজন করেছিলেন। সেখানে শতকরা ৯৮ ভাগ পড়েছিল। সবাই বলেছিল, “এত ভোট দিতে গেল কে?” সেটার নাম হচ্ছে গণভোট। গণভোটে জনরায় বলে যেটা দেওয়া হয়,সেটাকে জনরায় বলা যায় কি?

‘এখন আমাদের নির্বাচন কমিশন ঘোষণা করেছে শতকরা ৮০ শতাংশ ভোট পড়েছে। যেটা কারও কারও চোখে অবিশ্বাস্য। এত ভোট পড়ল কী করে? দ্বিতীয়ত, ছয়টি আসনে ইভিএম ছিল। সেখানে ভোট পড়েছে শতকরা ৪৫ শতাংশ। এখন প্রশ্ন জাগে– মেট্রোপলিটন এলাকায় ভোটের পরিমাণ এত কম হলো? আবার পাশের সিটগুলোতে এত বেশি পড়ল? এই প্রশ্নগুলো মানুষের মনে আসে।

‘নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন বলেছেন, “এই নির্বাচন ঐতিহাসিক, এটা মানুষের বহুদিন মনে থাকবে।” আমি অন্য দেশে থাকলে মনে করতাম কেউ ব্যঙ্গ করছে কিনা। ঐতিহাসিক কথা দুই রকম হয়– ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। আমি আমার শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করলাম, “ভোট কেমন হয়েছে?” তারা হাসে! একজন শিক্ষার্থী আমাকে বলল, “সত্য দুই প্রকারের হয়। একটা টেলিভিশন স্ক্রিনে সত্য আছে, আরেকটা বাস্তব সত্য আছে। আমি বাস্তবতা বুঝব কী করে যার প্রকাশ নেই। মানুষের মধ্যে একটা ধারণা আছে, শতকরা ৮০ ভাগ মানুষ কেন্দ্রে যায়নি, তাহলে ভোট পড়ল কীভাবে?" '