জামায়াতের শোচনীয় পরাজয় হয়েছে: আশিস সৈকত

আশিস সৈকতইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত বাংলা ট্রিবিউন বৈঠকিতে বলেন, ‘বিএনপির বেশির ভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। জামায়াতকে যে ২২টি আসন দেওয়া হয়েছে, দেখে-শুনে-বুঝেই দেওয়া হয়েছিল এই আসনগুলো। কারণ ওই জায়গাগুলোতে জামায়াতের ভোট ব্যাংক আছে। বিএনপি নিশ্চিত ছিল, ওই আসনগুলোতে জামায়াত জিতবে। বিস্ময়কর ব্যাপার, জামায়াতের সেই সিটগুলোতে শোচনীয় পরাজয় হয়েছে।
‘বিএনপি কিন্তু অনেক জায়গায় লড়াই করেছে, যেমন– ঢাকায় মির্জা আব্বাস ৭০-৯০ হাজার ভোট পেয়েছেন। কিন্তু জামায়াতের আসনগুলোতে ৭-১০ হাজারের বেশি ভোট পড়েনি। এটা কিন্তু একটা বিস্ময়কর পরিবর্তন। আমরা যে কিছু সন্দেহের কথা বলি, কিছু স্ট্যাম্পিংয়ের কথা বলি, সেই কারণে কি এটা সম্ভব হলো? নাকি আসলে মানুষ এই পরিবর্তনটা চেয়েছিল– জামায়াতকে “না” বলবে।’

তিনি আরও বলেন, ‘সারা দেশের মানুষ ফলাফল মানেনি– এটা বললে অন্যায় হবে। মানুষ ফলাফল দেখে অনেক বিস্মিত হয়েছে। এত বড় বিজয়, সাধারণ মানুষের ধারণা বদলে গেছে। যেমন– রংপুরে জাতীয় পার্টির একটা বিশাল ভোট ব্যাংক ছিল, রংপুরের মানুষ নৌকায় ভোট দেওয়ার চেষ্টা করেছে। তুলনামূলকভাবে নৌকার প্রার্থী বেশি ভোট পেয়েছেন। আমাদের প্রতিবেদকরা যখন স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন তখন জানতে পেরেছেন, লাঙ্গলে ভোট দিলে উন্নয়নের কাজ করতে হলে ভায়া হয়ে যেতে হয় নৌকার কাছে।

‘মানুষের মধ্যে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছিল যে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। মানুষ উন্নয়নের সহযাত্রী হতে চেয়েছে, যার ফলে সরাসরি নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করতে চেয়েছে। গত ২০-২২ বছরের রংপুরে লাঙ্গলের ইতিহাস দেখলে বোঝা যায়, সেখান থেকে তারা ছিটকে পড়েছে। শুধু বিএনপির ভোট কমেনি, জাতীয় পার্টির ভোটও কমে গেছে।’