২০০৮-এর নির্বাচনের ফলাফলও মানুষকে দারুণভাবে বিস্মিত করেছিল: ড. আনোয়ার হোসেন



ড. আনোয়ার হোসেনবাংলা ট্রিবিউন বৈঠকিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেছেন, ‘২০০৮ সালের নির্বাচনের ফলাফলও মানুষকে দারুণভাবে বিস্মিত করেছিল। এখন ৮০ শতাংশ ভোট নিয়ে কথা হচ্ছে। ২০০৮ সালে তো ৮৬ শতাংশ ভোট পড়েছিল।’ বৈঠকিতে আলোচনায় তিনি ভোটারদের শ্রেণিগত অবস্থানভেদে চিন্তার পার্থক্য তুলে ধরেন।

‘আমাদের দেশে শিক্ষিতজনেরা একরকম কথা বলে; আবার যারা নিম্ন আয়ের মানুষ তারা বলে, “আমার কিন্তু কাজ করে ভাত খেতে হবে, আমরা এসব বুঝি না, ভালো মানুষ হলে ভোট দেব।” খালেদা জিয়া কারাগারে আছেন এটা নিয়ে তাদের মাথাব্যথা নেই। অন্যদিকে শিক্ষিত মানুষের মধ্যে আলোচনা ছিল, নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষকে আর আটকানো যাবে না।

‘প্রান্তিক মানুষ চিন্তা করে– আবার যদি বিএনপি-জামায়াত আসে, দেশের না জানি কী অবস্থা হয়। আমাদের এত বড় বড় প্রকল্প কীভাবে চলবে? বরিশালের মানুষ বলে, পদ্মা সেতু যদি বন্ধ হয়ে যায় আমাদের কী হবে। এমন একটা অবস্থায় নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখলাম, বিএনপি নেই!  স্বাভাবিকভাবে এই ঢাকা শহরে পোস্টার নেই, সেটা লাগানোর কোনও উদ্যোগ নেই।

‘অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বসে নেই। আমরা তাদের ইশতেহার যদি দেখি তা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো। তার মধ্যে চিন্তা আছে, বিশ্লেষণ আছে, অতীতের কথা আছে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। শেখ হাসিনার ওপর নির্মিত তথ্যচিত্র “এ ডটার্স টেল” মানুষকে ভীষণ অনুপ্রাণিত করেছে। এসব ছাড়াও শেখ হাসিনা বলেছেন, “আমাদের যদি ভুল হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” বিএনপির মধ্যে এগুলো নেই।

‘অন্যদিকে ঐক্যফ্রন্ট-বিএনপির ইশতেহারে এত কিছু অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া আছে যে, মানুষ বুঝেছে এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়।’