গ্রামীণফোনে চালু হলো বিনামূল্যের স্বাস্থ্যসেবা টনিক

গ্রামিণফোন টনিকগ্রামীণফোন এবং টেলিনর হেলথ বাংলাদেশের গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে। স্বাস্থ্য বিষয়ক তথ্য, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও আর্থিক সুবিধাদানের মাধ্যমে ‘ভালো থাকতে’ সদস্যদের সহায়তা করবে বিনামূল্যের এই ‘টনিক’ সেবা।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং এদেশের স্বাস্থ্য খাতে টেলিনর হেলথ এর সহযোগীদের উপস্থিতিতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘টনিক’ সেবার উদ্বোধন করা হয়।
টনিক সদস্যরা চার ধরনের সুবিধা পাবেন:

টনিক জীবন-এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থজীবন যাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য পাবেন।

টনিক ডাক্তার সদস্যদের সুযোগ করে দিবে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার।

টনিক ডিসকাউন্ট দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দেবে। 

টনিক ক্যাশ-এর মাধ্যমে সদস্যরা তিন রাত কিংবা তারও বেশি হাসপাতালে প্রদত্ত বিল থেকে ৫শ’ টাকা পরিশোধ করা হবে।   

এ নিয়ে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে টনিক। বাংলাদেশে টনিক চালু হওয়া খুবই আনন্দের বিষয়।’ প্রযুক্তিগত জ্ঞান ও স্বাস্থ্যখাতে গভীর দক্ষতার মিশেলে তৈরি এই সেবা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

গ্রামীণফোনের ৫৬ মিলিয়ন গ্রাহক বিনামূল্যে টনিকের সঙ্গে যুক্ত হতে এবং নিজ নিজ ‘ভালো থাকার মাস্টার প্ল্যান’ অর্জনের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

গ্রামীণফোনের যে কোনও গ্রাহক ইউএসএসডি *৭৮৯# নাম্বারে ডায়াল করে, ৭৮৯ নাম্বারে কল করে কিংবা www.mytonic.com ওয়েবসাইটের মাধ্যমে বিনাখরচে টনিকের সঙ্গে যুক্ত হতে পারবেন। একজন গ্রাহক শুধু একবার টনিকের সঙ্গে যুক্ত হলেই হবে। পরবর্তী মাসে সদস্যপদ অব্যাহত রাখতে গ্রাহককে অবশ্যই তার গ্রামীণফোন সিম এর মাধ্যমে ফোন কল, এসএমএস অথবা ডাটা প্যাকেজ ব্যবহার করতে হবে। গ্রাহকরা বিনামূল্যে ‘টনিক জীবন’, ‘টনিক ডিসকাউন্ট’ ও ‘টনিক ক্যাশ’ সুবিধা পাবেন। শুধুমাত্র ‘টনিক ডাক্তার’ সেবা নেওয়ার জন্য কল দেওয়ার ক্ষেত্রে প্রতি মিনিটের খরচ পড়বে ভ্যাট ও অন্যান্য কর ছাড়া পাঁচ টাকা।

/এসআই/এনএস/